বাংলাদেশের ১০টি রাজনৈতিক দলের নেতৃত্ব পরিবারকেন্দ্রিক এবং অধিকাংশ দলেই সিদ্ধান্ত গ্রহণে একক ব্যক্তির মতামত প্রাধান্য পাচ্ছে। নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে সাংগঠনিক দক্ষতার চেয়ে পরিবার, অর্থ ও তারকাখ্যাতি বেশি প্রাধান্য পাচ্ছে। একই সঙ্গে অনিয়মিত কাউন্সিল, গোপন ভোটের অভাব, আর্থিক অস্বচ্ছতা ও জবাবদিহির ঘাটতির কারণে দলগুলোর অভ্যন্তরীণ গণতন্ত্র দুর্বল হয়ে পড়ছে। গত রোববার রাজধানীর ধানমন্ডিতে নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
সংস্থাটির প্রকাশ করা ‘বাংলাদেশের রাজনৈতিক দলের প্রাতিষ্ঠানিক সুশাসন’ শীর্ষক এই গবেষণায় ২০০৮ থেকে ২০২৫ সাল পর্যন্ত রাজনৈতিক দলগুলোর কার্যক্রম পর্যালোচনা করা হয়, আর কিছু ক্ষেত্রে ২০২৬ সালের আগস্ট পর্যন্ত তথ্য নেওয়া হয়। জরিপের উদ্দেশ্যে ৪২টি রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ করা হলেও গবেষণায় ৩২টি দলের তথ্য সংগ্রহ করা সম্ভব হয়েছে।
টিআইবির তথ্যমতে, পরিবারকেন্দ্রিক নেতৃত্বের চর্চা দেখা গেছে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাকের পার্টি, বাংলাদেশ মুসলিম লীগ, ন্যাশনাল পিপলস পার্টি, বাংলাদেশ ন্যাপ, বাংলাদেশ খেলাফত মজলিস, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) এবং বাংলাদেশ জাস্টিস পার্টিতে। এর মধ্যে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা দীর্ঘতম সময় ধরে দলীয় নেতৃত্বে রয়েছেন। দেশের অন্তত ১২টি রাজনৈতিক দলের শীর্ষ প্রধানরা ন্যূনতম ১০ বছর ধরে স্বপদে বহাল আছেন। কিন্তু বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ছাড়া অন্য কোনো দলের গঠনতন্ত্রেই দলীয় প্রধান হিসেবে কত মেয়াদে দায়িত্ব পালন করা যাবে, সে সম্পর্কে স্পষ্ট কোনো সীমাবদ্ধতা নেই।
গঠনতন্ত্র অনুযায়ী সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণ ফোরাম হিসেবে জাতীয় কাউন্সিল বা সম্মেলনের বিধান থাকলেও বাস্তবে ১৬টি দলের কাউন্সিল অনিয়মিতভাবে অনুষ্ঠিত হয়। সেসব কাউন্সিলে প্রায়ই পূর্বনির্ধারিত সিদ্ধান্ত নিছক অনুমোদন করিয়ে নেওয়া হয়। অধিকাংশ দলেই গোপন ব্যালটের পরিবর্তে কণ্ঠভোটে নেতৃত্ব নির্বাচিত হয়। কেবল সিপিবি ও আমার বাংলাদেশ (এবি) পার্টিতেই শীর্ষ নেতৃত্ব নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা দেখা গেছে। এর ফলে ভিন্নমত প্রকাশ ও তৃণমূল নেতা-কর্মীদের অংশগ্রহণের সুযোগ সীমিত হচ্ছে বলে সতর্ক করেছে টিআইবি।
মনোনয়ন প্রক্রিয়া সম্পর্কে প্রতিবেদনে উল্লেখ করা হয়, প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে স্থানীয় কমিটির প্রস্তাব উপেক্ষা করে দলীয় প্রধানের ইচ্ছাকে অগ্রাধিকার দেওয়া হয়। বড় দলগুলোয় অর্থ ও পেশিশক্তির প্রভাব ব্যাপকভাবে স্পষ্ট। পাশাপাশি বিএনপি, আওয়ামী লীগ ও জাতীয় পার্টির বিরুদ্ধে মনোনয়ন-বাণিজ্যের অভিযোগ রয়েছে। নারী প্রতিনিধিত্বের ক্ষেত্রেও বড় ঘাটতি লক্ষ্য করা গেছে; মাত্র দুটি দলের কেন্দ্রীয় কমিটিতে নারী সদস্যের হার ৩৩ শতাংশ বা তার বেশি। অপরদিকে জামায়াতে ইসলামী ও বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কমিটিতে কোনো নারী সদস্য নেই। এছাড়া নেতা-কর্মীদের জন্য আলাদা আচরণবিধি, নাগরিকদের অভিযোগ গ্রহণের ব্যবস্থা এবং অভ্যন্তরীণ শৃঙ্খলাভঙ্গের অভিযোগ তদন্ত বা আপিলের সুনির্দিষ্ট কাঠামোর চরম অভাব রয়েছে।
দলীয় আয়-ব্যয়ের ক্ষেত্রেও অস্বচ্ছতার চিত্র উঠে এসেছে। অধিকাংশ দলের নির্দিষ্ট আর্থিক নীতিমালা ও বার্ষিক বাজেট না থাকা এবং নিরীক্ষা প্রতিবেদনের মান নিয়ে টিআইবি উদ্বেগ প্রকাশ করেছে। দলগুলোর আইনশৃঙ্খলা ও রাজনৈতিক সহিংসতার হিসাব পর্যালোচনা করে গবেষণায় দেখা যায়, ২০১৩ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের আগস্ট পর্যন্ত ৪ হাজার ২৮০টি রাজনৈতিক সংঘাত ঘটেছে। এতে ৭৪৬ জন প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন ৪৬ হাজার ৩৫১ জন।
এই সামগ্রিক পরিস্থিতির থেকে উত্তরণের লক্ষ্যে রাজনৈতিক দলের নিবন্ধন ব্যবস্থা সহজ করা, নির্দিষ্ট বিরতিতে কাউন্সিল করা, গোপন ব্যালটে নেতৃত্ব নির্বাচন, দলীয় প্রধানের সর্বোচ্চ মেয়াদসীমা নির্ধারণ এবং তৃণমূলের প্রত্যক্ষ ভোটে প্রার্থী প্যানেল তৈরির সুপারিশ করেছে টিআইবি। পাশাপাশি রাজনৈতিক দলগুলোকে তথ্য অধিকার আইনের আওতায় আনা, আর্থিক হিসাব প্রকাশ ও স্বাধীন নিরীক্ষা সুনিশ্চিত করা, নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব বাড়ানো এবং অপরাধে জড়িত নেতা-কর্মীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য দলগুলোর অভ্যন্তরীণ স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত না হলে জনআস্থা ফিরিয়ে আনা সম্ভব হবে না বলেও পর্যবেক্ষণ দিয়েছে টিআইবি।

