দেশের ৩ জেলার জেলা প্রশাসক (ডিসি) এবং ১ জন বিভাগীয় কমিশনারকে তাদের বর্তমান দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। নাটোর, গাইবান্ধা ও রংপুরের ডিসিসহ রাজশাহীর বিভাগীয় কমিশনারকে প্রত্যাহার করে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়।
মঙ্গলবার (১৮ আগস্ট) গভীর রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত ১টি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রত্যাহার হওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন, গাইবান্ধার জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা এবং রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন। প্রজ্ঞাপন অনুযায়ী, তাদের সবাইকে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।
একই প্রজ্ঞাপনে রাজশাহীর বিভাগীয় কমিশনার ড. এ এন এম বজলুর রশীদকেও প্রত্যাহার করে পরবর্তী পদায়নের লক্ষ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে ঠিক কী কারণে এই চার পদস্থ কর্মকর্তাকে একযোগে প্রত্যাহার করা হয়েছে, সে বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে কোনো কারণ উল্লেখ করা হয়নি।

