পাটুরিয়া ফেরিঘাটের ড্রেন থেকে পরিত্যক্ত শটগান উদ্ধার

মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ফেরিঘাট এলাকায় পরিত্যক্ত অবস্থায় একটি শটগান উদ্ধার করেছে শিবালয় থানা পুলিশ। সোমবার সন্ধ্যা ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চালানো এক অভিযানে অস্ত্রটি উদ্ধার করা হয়।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম অস্ত্র উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পাটুরিয়া ট্রাক টার্মিনালের পাশের একটি ড্রেন থেকে শটগানটি পাওয়া গেছে। পুলিশ সদস্যরা সাধারণত এ ধরনের শটগান ব্যবহার করে থাকেন। তবে উদ্ধার হওয়া অস্ত্রটি পুলিশের কি না, সে বিষয়ে নিশ্চিত হওয়ার জন্য তদন্ত চলছে।

পুলিশের প্রাথমিক ধারণা, ২০২৪ সালের গণ-আন্দোলনের সময় কোনো থানা থেকে লুট হওয়া অস্ত্রগুলোর একটি হতে পারে এই শটগান। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।