ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে আইনি প্রক্রিয়ার পাশাপাশি ভারতের রাজনৈতিক সদিচ্ছাও প্রয়োজন বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। রবিবার (৪ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এর আগে শনিবার ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর দেওয়া বক্তব্যের প্রসঙ্গ টেনে সাংবাদিকরা প্রশ্ন করলে প্রতিমন্ত্রী এ প্রতিক্রিয়া জানান। শামা ওবায়েদ বলেন, শেখ হাসিনাকে ফেরানোর ক্ষেত্রে আইনি প্রক্রিয়ার বিষয়টি যেমন রয়েছে, তেমনি এর পাশাপাশি রাজনৈতিক সদিচ্ছাও জরুরি। তিনি আশা প্রকাশ করেন যে, আসামিদের দেশে ফিরিয়ে আনতে যে প্রত্যর্পণ প্রক্রিয়া চলমান রয়েছে, তা আরও দ্রুত সম্পন্ন করার বিষয়ে ভারত সরকার বিশেষ নজর দেবে।
প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাসহ অন্যান্য আসামিদের ফিরিয়ে আনা সম্ভব কি না—এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী নিশ্চিত করে বলেন, অবশ্যই তা সম্ভব। চুক্তি অনুযায়ী আসামিদের ফেরত আনা যায় এবং সেই প্রক্রিয়াই বর্তমানে এগিয়ে নেওয়া হচ্ছে।
এদিকে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক যুক্তরাষ্ট্র সফর নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন গুঞ্জন নাকচ করে দিয়েছেন শামা ওবায়েদ। তিনি বলেন, প্রধানমন্ত্রী স্যান ফ্রান্সিসকো যাওয়ার পরিকল্পনা করেছিলেন, কিন্তু এফবিআইয়ের মামলা বা ভিসা জটিলতার কারণে যেতে পারেননি—এই ধরণের গুঞ্জনে কান দেওয়া ঠিক নয়। গণমাধ্যমকর্মীরা সত্যতা যাচাই করে খবর প্রকাশ করবেন—এটাই সরকারের প্রত্যাশা।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও জানান, প্রধানমন্ত্রীর স্যান ফ্রান্সিসকো যাওয়ার কোনো পরিকল্পনা ছিল না। বরং সেখানে আইসিটি উপদেষ্টা, শিক্ষা প্রতিমন্ত্রী, অর্থ উপদেষ্টা ও তাকে নিয়ে একটি প্রতিনিধিদল পাঠানোর পরিকল্পনা করা হয়েছিল। তিনি উল্লেখ করেন, গত ছয় মাসে প্রধানমন্ত্রী অত্যন্ত ব্যস্ত সময় পার করেছেন। এই সময়ে চীন ও মালয়েশিয়া সফরের পাশাপাশি জাতিসংঘ সফরও তিনি সংক্ষিপ্ত ও প্রয়োজনীয়ভাবে সম্পন্ন করেছেন।
যুক্তরাষ্ট্র সফর প্রসঙ্গে তিনি বলেন, ইউসি বার্কলে ও অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটিসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনার মাধ্যমে সমঝোতা স্মারক (এমওইউ) হলে শিক্ষা ও প্রযুক্তি খাতে নতুন সম্ভাবনার দ্বার খুলবে। এছাড়া হাই-টেক কোম্পানিগুলো বাংলাদেশে বিনিয়োগ বা যৌথ উদ্যোগে এলে এর সুফল পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেন তিনি। তুরস্ক সফর প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর তুরস্ক সফরের পরিকল্পনা রয়েছে, তবে সময় ও স্থান পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে পরে জানাবে।

