কুমিল্লার লালমাই পাহাড়ের জঙ্গল থেকে ১৩ বছর বয়সী স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজ হওয়ার প্রায় ২২ ঘণ্টা পর শনিবার বেলা একটার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পাশে সানন্দা এলাকার জঙ্গল থেকে তার লাশ উদ্ধার করা হয়। অপ্রতিমের মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। সামান্য একটি আইফোনের জন্য তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এই হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত সন্দেহে ১৭ বছর বয়সী দুই কিশোরকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এছাড়া অপ্রতিমের কাছ থেকে নিয়ে যাওয়া তার মায়ের আইফোনটিও উদ্ধার করা হয়েছে।
নিহত অপ্রতিম কোটবাড়ি এলাকার বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। সে কুমিল্লা সদর দক্ষিণ থানার ২৪ নম্বর ওয়ার্ডের কোটবাড়ি এলাকায় মা-বাবার সঙ্গে থাকত। তার মা নাহিদা বেগম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক এবং বাবা কে এম ফিরোজ শাহরিয়ার মোবাইল অ্যাকসেসরিজের ব্যবসায়ী। প্রায় ১৬ বছর আগে চাঁদপুর ও কুষ্টিয়ার এই দম্পতির বিয়ে হয়। বিয়ের তিন বছর পর তাঁদের সংসারে আসে একমাত্র সন্তান অপ্রতিম, যাকে ঘিরেই ছিল তাঁদের সমস্ত স্বপ্ন ও ভালোবাসা। চারতলা ভবনের তৃতীয় তলার ফ্ল্যাটটিতে ঢুকতেই দরজার পাশে কাঠের ওপর খোদাই করা লেখা চোখে পড়ে, ‘অপ্রতিমদের বাসা, প্রযত্নে নাহিদ ও শাহরিয়ার’। ঘরের ভেতরে সাজানো রয়েছে অপ্রতিমের শৈশব থেকে কৈশোরের নানা মুহূর্তের ছবি, যা এখন শুধুই স্মৃতি।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত শুক্রবার বেলা আড়াইটার দিকে বন্ধুদের সঙ্গে ছবি তুলবে বলে মায়ের আইফোনটি নিয়ে বাসা থেকে বের হয়েছিল অপ্রতিম। বাসা থেকে বের হওয়ার আগে বাবা ফিরোজ শাহরিয়ার তাকে দুপুরে খাইয়ে বাইরে যেতে নিষেধ করেছিলেন। তিনি বলেছিলেন, ‘বাবা, আজ বাইরে যেয়ো না। আমরা একসঙ্গে ঘুরব, বাসায় মুভি দেখব। বিকেলে তোমাকে একটা ভালো গিফট দেব।’ কিন্তু বন্ধুদের সাথে দেখা করার কথা বলে অপ্রতিম চলে যায় এবং আর ফিরে আসেনি। সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত কোটবাড়ি এলাকার গন্ধমতীতে তার ফোনের অবস্থান শনাক্ত করা গেলেও এরপর থেকে ফোনটি বন্ধ পাওয়া যায়।
অপ্রতিম বাসায় না ফেরায় পরিবারের পক্ষ থেকে কুমিল্লা সদর দক্ষিণ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। মা নাহিদা বেগম ছেলেকে খুঁজে পেতে ফেসবুকে স্ট্যাটাস দেন। নিখোঁজ ও অপহৃত শিশুদের উদ্ধারে গত ১৩ জানুয়ারি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) কর্তৃক চালু হওয়া জরুরি সতর্কতা-ব্যবস্থা ‘মুন অ্যালার্ট’ (হেল্পলাইন ১৩২১৯)-এর মাধ্যমেও অপ্রতিমের ছবি দিয়ে সন্ধান চাওয়া হয়। ফেসবুকে এই খবর দ্রুত ছড়িয়ে পড়ার পর শনিবার দুপুরে তার রক্তাক্ত লাশ পাওয়ার খবর আসে।
লালমাই পাহাড়ের জঙ্গলে বাঁশ কাটতে গিয়ে অপ্রতিমের মরদেহ প্রথম দেখতে পান স্থানীয় শ্রমিক মোহাম্মদ আবদুল কাদের জিলানী ও তাঁর সঙ্গে থাকা কয়েকজন। জিলানী জানান, সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১১টার মধ্যে তাঁরা কাজ করার জন্য বাঁশ কাটতে যাচ্ছিলেন। এমন সময় তাঁর এক ভাতিজা জঙ্গল দেখিয়ে বলে, ‘কাকা, একটা বাচ্চা পড়ে আছে।’ কাছে গিয়ে মাথায় রক্ত দেখে তাঁরা ভয় পেয়ে কাজ ফেলে চলে আসেন। পরে সড়ক দিয়ে যাওয়ার সময় মামুন নামের স্থানীয় এক ব্যক্তির সঙ্গে দেখা হলে তাঁরা বিষয়টি জানান। মামুন নামের ওই ব্যক্তি জানতেন বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের ছেলে নিখোঁজ রয়েছে। এরপর তাঁরা পুলিশকে খবর দিলে বেলা একটায় মরদেহটি উদ্ধার করা হয়।
ছেলের মৃত্যুর খবর পেয়ে বারবার মূর্ছা যাচ্ছেন মা নাহিদা বেগম। বিলাপ করতে করতে তিনি বলেন, ‘আমার ছোট্ট ছেলেটাকে অনেক কষ্ট দিয়ে হত্যা করা হয়েছে। মৃত্যুর সময় ছেলেটা কীভাবে ছটফট করেছিল, কে জানে। তোরা আইফোন নিয়ে যেতি, কিন্তু আমার ছেলেকে খুন করলি কেন? আমার তো সব শেষ হয়ে গেল। এখন আমি কী নিয়ে বাঁচব। যারা আমার ছেলেকে খুন করেছে, তাদের বিচার চাই।’ বাক্রুদ্ধ বাবা ফিরোজ শাহরিয়ারও প্রশ্ন তোলেন, সামান্য একটা আইফোনের জন্য কেন তাঁর ছেলেকে এভাবে হত্যা করা হলো? তিনি এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন।
অপ্রতিমের স্কুল বর্ডার গার্ড পাবলিক স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফেরদৌসী জাহান জানান, অপ্রতিম পড়াশোনায় ভালো এবং অত্যন্ত শান্ত ও মিশুক স্বভাবের ছিল। স্কুলে কখনো সে কোনো ঝামেলায় জড়ায়নি। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম এম শরীফুল করীম গভীর শোক প্রকাশ করে বলেন, ‘আমাদের সন্তানের লাশ কত ভারী, তা বোঝানোর ক্ষমতা নেই।’ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আবদুল হাকিম জানিয়েছেন, রবিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে অপ্রতিমের প্রথম জানাজা এবং বেলা ১১টায় গন্ধমতী এলাকায় তাদের বাসার কাছে দ্বিতীয় জানাজা শেষে তাকে দাফন করা হবে।
এদিকে অপ্রতিম হত্যার বিচারের দাবিতে শনিবার বিকেলে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছেন। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে শুরু হয়ে ছাত্র আন্দোলন চত্বরে গিয়ে শেষ হয়। শিক্ষার্থীরা অবিলম্বে জড়িতদের গ্রেপ্তার ও বিচার নিশ্চিত করার দাবি জানান। এই মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনায় রবিবার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সাধারণ শোক ঘোষণা করা হয়েছে। এদিন বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের ক্লাস ও পরীক্ষা স্থগিত থাকবে বলে নিশ্চিত করেছেন রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদার। ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে স্থানীয় সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দুঃখ প্রকাশ করে বলেন, ‘আমি লজ্জিত, আমি ক্ষমাপ্রার্থী। আমরা এ সমস্ত মাসুম বাচ্চাদের রক্ষা করতে পারলাম না।’
পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আটক দুই কিশোরের বয়স ১৭ বছর। সিসিটিভি ফুটেজে অপ্রতিমের সঙ্গে দেখা যাওয়া এক কিশোরকে পুলিশ আটক করেছে। অন্য কিশোরটিকে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১১, সিপিসি-২) শনিবার বিকেলে বেলতলী এলাকা থেকে আটক করে। পরে শনিবার রাত আটটার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়সংলগ্ন সালমানপুর এলাকায় এক কিশোরের বাড়িতে অভিযান চালিয়ে অপ্রতিমের মায়ের খোয়া যাওয়া আইফোনটি উদ্ধার করা হয়। কুমিল্লা জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান জানান, অপ্রতিমের মাথায় ভারী বস্তু নাকি ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে, তা ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। কুমিল্লা সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রকিবুল ইসলাম জানান, অভিযোগ পেলেই মামলা রুজু করা হবে। কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান জানিয়েছেন, ঘটনার তদন্তে একাধিক পুলিশ দল মাঠে কাজ করছে এবং কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।

