সহিংসতা ও সশস্ত্র মহড়ার প্রতিবাদে সাজেকে ফের ১২ ঘণ্টার অবরোধ

পার্বত্য জেলা রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটন এলাকা সাজেকে সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১২ ঘণ্টার নতুন অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে পার্বত্য চট্টগ্রাম রক্ষা কমিটি। শনিবার (৩১ অক্টোবর) রাতে সংগঠনটির সদস্য সচিব বিন্দু লাল চাকমার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই কর্মসূচির কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাজেক এলাকায় অব্যাহত সহিংসতা, সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা, ভাইবোনছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় সশস্ত্র মহড়া এবং পর্যটকদের জিম্মি করে হামলার প্রতিবাদেই এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানিয়েছে সংগঠনটি।

বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয়, গত ১১ অক্টোবর থেকে সাজেক অঞ্চলে অবরোধ কর্মসূচি চলে আসলেও সশস্ত্র গোষ্ঠীগুলোর তাণ্ডব বন্ধ হয়নি। সর্বশেষ ৩১ অক্টোবর কলাবুনিয়া এলাকায় নতুন করে গোলাগুলির ঘটনা ঘটে, যা স্থানীয় সাধারণ অধিবাসীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে দিয়েছে।

এদিকে, শুক্রবার (৩০ অক্টোবর) রাতে সাজেক গণঅধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবুধন চাকমা এক ভিডিও বার্তায় অবরোধ কিছুটা শিথিলের ঘোষণা দেন। তিনি জানান, নিত্যপ্রয়োজনীয় পণ্য পরিবহনের সুবিধার্থে রোববার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পণ্যবাহী যানবাহন চলাচলে কোনো বাধা থাকবে না। পাশাপাশি বৌদ্ধ ধর্মাবলম্বীদের কঠিন চীবর দান উপলক্ষে ভিক্ষুদের যাতায়াতের জন্য বিশেষ ব্যবস্থা রাখার কথা উল্লেখ করেন তিনি। এক্ষেত্রে সংশ্লিষ্ট বিহার বা ধর্মীয় প্রতিষ্ঠানের কর্তৃপক্ষকে অবরোধকারী সংগঠনগুলোর সঙ্গে যোগাযোগ করে আলোচনার মাধ্যমে যানবাহন চলাচলের সুযোগ নিতে বলা হয়েছে।

পার্বত্য চট্টগ্রাম রক্ষা কমিটির ঘোষিত এ অবরোধ কর্মসূচির আওতামুক্ত থাকবে জরুরি সেবা খাত। রোগী বহনকারী অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস এবং সংবাদকর্মীদের যানবাহন চলাচলে কোনো বাধা দেওয়া হবে না। তবে কর্মসূচি চলাকালে সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় সড়কগুলোতে সব ধরনের যানবাহন না চালানোর জন্য পরিবহন মালিক-শ্রমিক সংগঠনের নেতা, আগত পর্যটক ও সাধারণ জনগণের প্রতি বিশেষভাবে অনুরোধ জানিয়েছে সংগঠনটি।