১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলছে সেন্টমার্টিন দ্বীপ

দীর্ঘদিন বন্ধ থাকার পর আগামী ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের জারি করা এক আদেশে এ তথ্য জানানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৬ সালের ১ নভেম্বর থেকে ২০২৭ সালের ১৫ মার্চ পর্যন্ত পর্যটকেরা দ্বীপটি ভ্রমণের সুযোগ পাবেন।

দ্বীপের পরিবেশ ও প্রতিবেশ সংরক্ষণের স্বার্থে এবার পর্যটকের সংখ্যা নির্ধারণ করে দেওয়া হয়েছে। প্রতিদিন সর্বোচ্চ সাড়ে ৩ হাজার পর্যটক সেন্টমার্টিন ভ্রমণের অনুমতি পাবেন। এর আগে বিগত বছরগুলোতে অক্টোবর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত দৈনিক ২ হাজার পর্যটককে ভ্রমণের অনুমতি দেওয়া হতো, যা এবার বৃদ্ধি করা হয়েছে। এছাড়া আন্তঃমন্ত্রণালয়ের সভায় দ্বীপে রাত্রিযাপনের ওপর থাকা দীর্ঘদিনের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা দ্বীপের বাসিন্দাদের মধ্যে সন্তোষ সৃষ্টি করেছে।

পরিবেশ সংরক্ষণের উদ্দেশ্যে প্রতিটি পর্যটককে দ্বীপ ভ্রমণের সময় অতিরিক্ত ১০০ টাকা ফি প্রদান করতে হবে। গতবারের মতো এবারও কক্সবাজারের নুনিয়ারছড়া ঘাট থেকে পর্যটকবাহী জাহাজ চলাচল করবে। এর আগে গত ১২ অক্টোবর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আব্দুল আওয়াল মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় যাতায়াতের সময়সীমা বাড়ানো এবং রাত্রিযাপনের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।