দীর্ঘ প্রতীক্ষা ও নানা ধাপ অতিক্রম করে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের জন্য প্রস্তুত হয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট। সবকিছু পরিকল্পনামাফিক থাকলে আগামীকাল মঙ্গলবার কয়েক ঘণ্টার জন্য এই ইউনিটের উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে যুক্ত করা হতে পারে। এই পরীক্ষামূলক সংযোগের সময় সর্বোচ্চ ২৪০ মেগাওয়াট বিদ্যুৎ গ্রিডে দেওয়ার পরিকল্পনা রয়েছে।
প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক ড. খালেকুজ্জামান জানিয়েছেন, এই পরীক্ষামূলক সংযোগের অর্থ এই নয় যে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু হচ্ছে। বরং কয়েক ঘণ্টার জন্য সংযোগ দেওয়ার পর তা বিচ্ছিন্ন করে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা চালানো হবে। বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরা) চূড়ান্ত অনুমোদন পাওয়ার পরই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তাদের তথ্যমতে, রিঅ্যাক্টর ও টারবাইনসহ গুরুত্বপূর্ণ যন্ত্রপাতির সক্ষমতা যাচাই সফলভাবে সম্পন্ন হয়েছে। আগামী ২১ নভেম্বর চূড়ান্তভাবে বিদ্যুৎ গ্রিডে যুক্ত করার লক্ষ্য নিয়ে এগোচ্ছে কর্তৃপক্ষ। তবে এর আগে সম্ভাব্য ত্রুটি শনাক্ত করতে এই পরীক্ষামূলক সংযোগ দেওয়া হচ্ছে। পারমাণবিক জ্বালানির তাপশক্তির মাধ্যমে বাষ্প তৈরি করে টারবাইন ঘোরানোর প্রক্রিয়ায় শুরুতে মাত্র ৩ শতাংশ সক্ষমতায় বিদ্যুৎকেন্দ্রটি চালানো হবে। পর্যায়ক্রমে সক্ষমতা ২৫ থেকে ৩০ শতাংশে উন্নীত করা হলে নিয়মিত ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া সম্ভব হবে। পূর্ণ সক্ষমতায় পৌঁছাতে আরও পাঁচ থেকে ছয় মাস সময় লাগতে পারে।
এর আগে ২০২৩ সালের অক্টোবরে প্রকল্প এলাকায় পারমাণবিক জ্বালানি পৌঁছানোর পর রূপপুর বিদ্যুৎকেন্দ্র পারমাণবিক স্থাপনা হিসেবে স্বীকৃতি পায়। একই সঙ্গে পারমাণবিক জ্বালানির অধিকারী দেশের তালিকায়ও বাংলাদেশের নাম অন্তর্ভুক্ত হয়।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী রেজাউল করিম জানান, জাতীয় গ্রিড প্রস্তুত রয়েছে এবং তারা এই সংযোগের সময় প্রতিনিধি উপস্থিত রাখার প্রস্তুতি নিয়েছেন। এছাড়া বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মাহমুদুল হাসান জানিয়েছেন, নিরাপত্তা নিশ্চিত হওয়ার পরই গ্রিডে বিদ্যুৎ যুক্ত করার চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে।
এদিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জরুরি পরিস্থিতি মোকাবিলায় সক্ষমতা ও ব্যবস্থাপনা নিয়ে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) বিশেষজ্ঞ প্রতিনিধি দল সন্তোষ প্রকাশ করেছে। এই বিদ্যুৎকেন্দ্রের ১২০০ মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিট রয়েছে। প্রতিটি ইউনিট থেকে ন্যূনতম ১১৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কেন্দ্রের নিজস্ব ব্যবহারের জন্য সর্বোচ্চ ১২০ মেগাওয়াট বাদ দিয়ে প্রতিটি ইউনিট থেকে জাতীয় গ্রিডে অন্তত ১০৩০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের পরিকল্পনা রয়েছে। দুটি ইউনিট পূর্ণ সক্ষমতায় চালু হলে জাতীয় গ্রিডে অন্তত ২০৬০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে, যা দেশের জ্বালানি আমদানিতে বৈদেশিক মুদ্রা সাশ্রয় ও লোডশেডিং কমাতে সহায়ক হবে। প্রকল্পটির মূল বাস্তবায়ন মেয়াদ ছিল ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত। পরে দুই দফায় মেয়াদ বাড়িয়ে ২০২৮ সালের জুন পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

