উখিয়ায় শিশু অপহরণ ও নির্যাতনের ভিডিও ভাইরাল, গ্রেপ্তার ১

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে হাত বাঁধা অবস্থায় এক শিশুকে ছুরি দেখিয়ে ভয়ভীতি প্রদর্শনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় এক রোহিঙ্গা যুবককে গ্রেপ্তার করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। মঙ্গলবার (২৯ জুলাই) রাতে ব্যাটালিয়নের অধিনায়ক রিয়াজ উদ্দিন আহমদ এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃত যুবকের নাম জকরিয়া (৩০), তিনি ১৮ নম্বর ক্যাম্পের ১ নম্বর ব্লকের বাসিন্দা সাইফুল ইসলামের ছেলে।

৮ এপিবিএন সূত্রে জানা গেছে, গত ২৭ জুলাই ‘Rohingya Lens’ নামের একটি ফেসবুক পেজে একটি ভিডিও আপলোড করা হয়। ভিডিওতে দেখা যায়, এক শিশুর হাত বাঁধা এবং তার সামনে ছুরি ধরে ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে। শিশুটিকে আতঙ্কিত অবস্থায় চিৎকার করতেও শোনা যায়। ভিডিওটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি ময়নারঘোনা পুলিশ ক্যাম্পের নজরে আসে। পুলিশ গোপন সূত্রে তথ্য সংগ্রহ করে জানতে পারে, ভিডিওতে থাকা শিশুটি উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১১-এর বাসিন্দা। সংশ্লিষ্ট ব্লকের হেডমাঝির মাধ্যমে শিশুটির পরিচয় নিশ্চিত করে জানা যায়, সে একই ক্যাম্পের বাসিন্দা মোহাম্মদ জুনায়েদের ছেলে রহমত আলী (৬)।

পুলিশের তথ্যমতে, গত ২২ জুলাই রহমত আলী অপহরণের শিকার হয়। অপহরণকারীরা তার পরিবারের কাছে ৩ লাখ ২০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেছিল। ২৬ জুলাই শিশুটির পরিবার দাবিকৃত মুক্তিপণ পরিশোধ করার পর তাকে ফিরে পায়। তবে অপহরণকারীদের অব্যাহত ভয়ভীতি ও প্রাণনাশের হুমকির কারণে পরিবারটি তখন আইনগত ব্যবস্থা নিতে সাহস করেনি।

পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, জকরিয়া ক্যাম্প-১৮-এর কে/০৯ ব্লকের একটি চায়ের দোকানে অবস্থান করছেন। পরে সেখানে অভিযান চালিয়ে রাত সাড়ে ১০টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। ৮ এপিবিএনের অধিনায়ক রিয়াজ উদ্দিন আহমদ জানান, বিভিন্ন উৎস, স্থানীয় হেডমাঝি, সাব-মাঝি ও গোপন তথ্যদাতাদের সহযোগিতায় অভিযুক্তের অবস্থান শনাক্ত করে অভিযান চালানো হয়। উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুর রহমান মজুমদার জানান, গ্রেপ্তারকৃত জকরিয়াকে থানায় হস্তান্তর করা হয়েছে এবং সংশ্লিষ্ট মামলায় তাকে কক্সবাজার আদালতে প্রেরণ করা হয়েছে।