রংপুরে শিক্ষক পরিবার হত্যা: নমুনা পরীক্ষায় ২ আসামির ডিএনএ শনাক্ত

রংপুর নগরীর মাছুয়াপাড়া এলাকায় অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে নৃশংসভাবে হত্যার ঘটনায় গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। ঘটনায় গ্রেফতার হওয়া প্রতিবেশী মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাসের ডিএনএ নমুনা শনাক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের উপপুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী। বৃহস্পতিবার (৮ অক্টোবর) তিনি গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন।

সনাতন চক্রবর্তী জানান, গত ২১ সেপ্টেম্বর ডিএনএ নমুনা পরীক্ষার জন্য এই দুই আসামিকে ঢাকার সিআইডি কার্যালয়ে নেওয়া হয়েছিল। ফরেনসিক ল্যাবে পরীক্ষা শেষে তাদের ডিএনএর সঙ্গে ঘটনাস্থল থেকে সংগৃহীত আলামতের নমুনার মিল পাওয়া গেছে। এর মাধ্যমে এই হত্যাকাণ্ডের সঙ্গে সিদ্ধার্থ ও মুগ্ধ দাসের সরাসরি সম্পৃক্ততা নিশ্চিতভাবে প্রমাণিত হয়েছে।

তদন্ত সংস্থা ও সিআইডি সূত্রে জানা গেছে, শিক্ষক পরিবারের চারজনের মরদেহ উদ্ধারের সময় ঘটনাস্থল থেকে অন্তত ৩৫টি আলামত সংগ্রহ করা হয়েছিল। ঘটনার ১২ দিন পর তিন দফায় এসব আলামত ফরেনসিক ল্যাবে পাঠানো হয়। সংগৃহীত আলামতের মধ্যে ছিল ফল কাটার চাকু, ইয়াবা সেবনের ফয়েল, সিগারেটের শেষাংশ, নান রুটি, শসা, খেজুর, বেসিনের দাগ এবং নিহত শিশু প্রিয়মের খাতায় পাওয়া একটি লেখা।

উল্লেখ্য, গত ২২ আগস্ট রাতে রংপুর নগরীর মাছুয়াপাড়া (দাসপাড়া) এলাকার একটি তালাবদ্ধ বাড়ি থেকে রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী, মেয়ে ও ছেলের মরদেহ উদ্ধার করে পুলিশ। এই হত্যাকাণ্ডের ঘটনায় প্রতিবেশী মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাসকে পুলিশ গ্রেপ্তার করেছিল।