রায়পুরে স্বেচ্ছাসেবক দল নেতার হামলায় বিএনপি নেতাসহ আহত ৫

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১৫: ৫২। লক্ষ্মীপুরের রায়পুরে তুচ্ছ ঘটনার জেরে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতার নেতৃত্বে বিএনপি নেতাসহ পাঁচজনকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের হাজিমারা বাজারে এ হামলার ঘটনা ঘটে।

আহতদের মধ্যে রয়েছেন ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক এরশাদ মাঝি, বিএনপি কর্মী মহসিন কবির, দাদন মাঝি, মানিক মাঝি এবং যুবদল নেতা কবির হোসেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। বর্তমানে ৩ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং ২ জনকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।

আহত ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক এরশাদ মাঝি জানান, সকালে একটি তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়েছিল যা স্থানীয়ভাবে মীমাংসা করে দেওয়া হয়। তবে সেই পূর্ববিরোধের জেরে বিকেলে দক্ষিণ চরবংশী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মিজানুর রহমান রাসেল ব্যাপারী ও আমির হোসেনের নেতৃত্বে সোহেল, বাবু, হানিফ, জাকির, জহির, জামালসহ প্রায় ৩০ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। রামদা ও চাপাতি দিয়ে তাদের কুপিয়ে জখম করা হয় বলে অভিযোগ করেন তিনি।

আহত মহসিন কবির জানান, তিনি সকালে কী নিয়ে ঝামেলা হয়েছে তা জানতেন না। বিকেলে বাজারে যাওয়ার পথে অটোরিকশা থেকে নামামাত্রই তার ওপর হামলা করা হয়। তাকে রক্ষা করতে এগিয়ে এলে তার বাবা দাদন মাঝি, চাচা এরশাদ মাঝি, মানিক মাঝি এবং ভাই কবির হোসেনও হামলার শিকার হন।

অভিযুক্ত রাসেল ব্যাপারী পাল্টা অভিযোগ করে বলেন, বিকেলে তারা আমার ওপর হামলা করার চেষ্টা করেছিলেন। পরে আমাদের লোকজন তাদের প্রতিহত করতে মারধর করে। আমাদের লোকজনও হাসপাতালে ভর্তি আছে।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া জানান, হাজিমারা বাজারে হামলার ঘটনায় কয়েকজন আহত হওয়ার খবর তারা পেয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং অভিযুক্তদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।