জ্বালানি সংকট মোকাবিলায় সর্বোচ্চ চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী

বিদ্যুৎ ও জ্বালানি খাতের চলমান সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৮ আগস্ট) জাতীয় সংসদের এলডি হলে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত চিকিৎসক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার অস্বীকার করছে না যে দেশের মানুষ এখন বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি সংকটে রয়েছে। তবে কোনো প্রতিষ্ঠানকে বিশেষ সুবিধা দিতে অতীতে নেওয়া অপরিকল্পিত উদ্যোগের খেসারত এখন সরকার, দেশ ও দেশের মানুষকে দিতে হচ্ছে।

তিনি বলেন, বর্তমান সরকার একটি ভঙ্গুর অবস্থায় দেশ পেয়েছে। দুর্বল অর্থনীতি, বিভাজিত প্রশাসন এবং ভঙ্গুর শিক্ষা ও স্বাস্থ্যব্যবস্থার পাশাপাশি নানা সংকট নিয়ে সরকারকে দায়িত্ব নিতে হয়েছে। এসব সমস্যা কাটিয়ে দেশকে এগিয়ে নিতে ইতোমধ্যে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের কাজ শুরু হয়েছে।

জ্বালানি ও বিদ্যুৎ খাত নিয়ে একটি চক্র বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তারেক রহমান। তিনি বলেন, রাষ্ট্র, রাজনীতি ও প্রশাসনে ফ্যাসিবাদের সুবিধাভোগীরা এখনও সক্রিয়। তারা কৌশলে জ্বালানি ও বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে সরকার ইতিবাচক উদ্যোগের মাধ্যমে পরিস্থিতি মোকাবিলা করছে।