ঢাকার চারপাশের নৌপথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর যানজট নিরসন, পরিবেশ রক্ষা এবং যোগাযোগব্যবস্থাকে আরও সহজ ও গতিশীল করার লক্ষ্যে ঢাকার চারপাশের নৌপথগুলো সচল করার কঠোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (২ আগস্ট) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের বিশেষ সভাকক্ষে আয়োজিত এক বৈঠকে তিনি এ নির্দেশনা প্রদান করেন।

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় নদীদূষণ রোধ, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং নদীর স্বাভাবিক নাব্যতা ও পানিপ্রবাহ নিশ্চিত করার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কড়া বার্তা দেওয়া হয়েছে। সভায় ঢাকার চারপাশের নৌপথে আগ্রহী বেসরকারি কোম্পানিগুলোর প্রস্তাবনাগুলো পর্যালোচনা করে তাদের নৌযান পরিচালনার সুযোগ দেওয়ার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পরিবেশ সুরক্ষার পাশাপাশি শহরের সৌন্দর্যবর্ধনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। তিনি নদীর তীরবর্তী এলাকায় হাঁটার পথের পাশে বিভিন্ন প্রজাতির গাছ লাগানোর নির্দেশ দিয়েছেন, যাতে পরিবেশের ভারসাম্য বজায় থাকে এবং নদীর সৌন্দর্য বৃদ্ধি পায়।

উক্ত সভায় সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম উপস্থিত ছিলেন। এ ছাড়া প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় অংশগ্রহণ করেন।