রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে যা বললেন মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, দেশের সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। সোমবার (২৭ জুলাই) সকালে রংপুর বাস টার্মিনাল এলাকায় অবস্থিত বিআরডিবির বিভাগীয় কার্যালয়ের উদ্বোধন শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

রাষ্ট্রপতি পদে মনোনয়ন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, দলের সিদ্ধান্ত অনুযায়ীই এ পদে মনোনয়ন দেওয়া হবে। দল যাকে সবচেয়ে যোগ্য, দক্ষ এবং দায়িত্বশীল মনে করবে, তাকেই মনোনয়ন প্রদান করা হবে। এই বিষয়ে ব্যক্তিগতভাবে তার কোনো মন্তব্য নেই বলেও তিনি জানান।

বিএনপিকে ফ্যাসিবাদী দল বলাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করে তিনি বলেন, বিএনপি অতীতে পাঁচবার জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করেছে। জনগণের ম্যান্ডেট নিয়েই দলটি রাষ্ট্র পরিচালনা করেছে, কোনো ধরনের জুলুম বা ফ্যাসিবাদী কায়দায় ক্ষমতায় আসেনি। যারা বিএনপিকে ফ্যাসিবাদ বলে, তাদের জ্ঞানের অভাব রয়েছে। তিনি জোর দিয়ে বলেন, বিএনপি একটি গণতান্ত্রিক দল।

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ এবং বেসরকারি চাকরিজীবীদের প্রার্থী হওয়ার বিষয়ে নির্বাচন কমিশনের পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে মন্ত্রী বলেন, এটি নির্বাচন কমিশনের নিজস্ব বিষয়। এই প্রক্রিয়ায় বিএনপি কোনো ধরনের হস্তক্ষেপ করছে না।

উদ্বোধনী অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার মোহাম্মদ শহিদুল ইসলাম, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু এবং জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলামসহ স্থানীয় প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এরপর মন্ত্রী রংপুর পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণে পল্লীমেলার উদ্বোধন করেন এবং স্টল পরিদর্শন করেন। পরে তিনি বিআরডিবি’র সুফলভোগীদের মাঝে গাছের চারা ও ঋণের চেক বিতরণ অনুষ্ঠানেও অংশ নেন।