বাংলাদেশের কৃষিকে একটি লাভজনক খাতে পরিণত করার তাগিদ দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার সকালে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) পরিদর্শনকালে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান। রাষ্ট্রপতি বলেন, কৃষিকাজ এখন আর লাভজনক না হওয়ায় অনেক শ্রমিক এ পেশা ছেড়ে চলে যাচ্ছেন, যার ফলে মাঠে কাজ করার মতো কৃষক পাওয়া কঠিন হয়ে পড়েছে। তাই এই খাতকে টেকসই ও লাভজনক করে তোলার কোনো বিকল্প নেই।
তিনি কৃষিপণ্য সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণ প্রযুক্তির ব্যাপক প্রসারের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। রাষ্ট্রপতি উল্লেখ করেন যে, উৎপাদন বাড়লেও সঠিক সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণের অভাবে কৃষকরা পণ্যের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন। বিশেষ করে উত্তরাঞ্চলে আলুর বাম্পার ফলন হলেও কৃষকরা তা রাস্তায় ফেলে দিতে বাধ্য হন, অথচ পরে বীজ আলুর দাম অনেক বেড়ে যায়। তিনি বলেন, শুধু আলু নয়, টমেটোসহ অন্যান্য সবজি ও ফলমূল দীর্ঘ সময় সংরক্ষণের জন্য আধুনিক কোল্ড স্টোরেজ এবং প্রযুক্তির সম্প্রসারণ প্রয়োজন। এ ক্ষেত্রে বেসরকারি খাতের অংশগ্রহণকেও তিনি জরুরি বলে মনে করেন।
পেঁয়াজ উৎপাদনে গবেষকদের সাফল্যের প্রশংসা করে তিনি বলেন, একসময় বিপুল বৈদেশিক মুদ্রা খরচ করে পেঁয়াজ আমদানি করতে হতো, যা এখন আর প্রয়োজন নেই। তবে কৃষিজমিতে অতিমাত্রায় রাসায়নিক সারের ব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, এটি মাটির উর্বরতা ও ফসলের গুণগত মান নষ্ট করছে। তাই টেকসই কৃষিপ্রযুক্তি ব্যবহারের পাশাপাশি কৃষকদের সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান তিনি।
কৃষি বিজ্ঞানীদের সুযোগ-সুবিধা নিশ্চিত করার বিষয়ে রাষ্ট্রপতি বলেন, মেধাবী শিক্ষার্থীদের এই পেশায় আকৃষ্ট করতে হলে তাদের যথাযথ মূল্যায়ন করতে হবে। এ সময় তিনি কৃষি বিজ্ঞানীদের পেনশন-সংক্রান্ত বিধিমালা পরিবর্তনের উদ্যোগ নিতে কৃষিমন্ত্রীর প্রতি আহ্বান জানান। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কৃষি উন্নয়নের অবদানের কথা স্মরণ করে তিনি বলেন, খাল খনন ও উচ্চফলনশীল ধানের বীজ সম্প্রসারণের মাধ্যমে তিনি দেশে কৃষিখাতের ভিত্তি গড়ে দিয়েছিলেন।
অনুষ্ঠানে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, গাজিপুর-২ এর সংসদ সদস্য মঞ্জুরুল করিম রনি, মন্ত্রণালয়ের সচিব মোঃ সেলিম খান, বারির মহাপরিচালক মো. মঞ্জুরুল কাদির এবং বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) মহাপরিচালক ড. মো. রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। এর আগে সকাল ১০টা ১৫ মিনিটে বারি প্রাঙ্গণে পৌঁছালে রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরিদর্শন শেষে তিনি বারির জিন ব্যাংক ও বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং উদ্ভিদ কৌলিসম্পদ কেন্দ্র প্রাঙ্গণে বারি কাঁঠাল-৬ জাতের একটি চারা রোপণ করেন।

