গাজীপুরের যেসব এলাকায় আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য আজ শনিবার (২৫ জুলাই) গাজীপুরের বেশ কয়েকটি এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। গতকাল শুক্রবার (২৪ জুলাই) রাতে গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর কাশিমপুর জোনাল অফিস থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গাজীপুরের নরসিংহপুর রোডের সুরাবাড়ী উপকেন্দ্র থেকে দত্ত মার্কেট, ছায়াতল মার্কেট, সুরাবাড়ী কেন্দ্রীয় জামে মসজিদ, রাইচমিল হয়ে মিছারবাগ বটতলা পর্যন্ত বিস্তৃত ১১কেভি ফিডারটি অনেক বড় এবং এতে লোড বেশি। এই ফিডারটি ছোট করতে এবং লোডশেডিং কমিয়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে আরও দুটি নতুন ফিডার নির্মাণ করা হবে। এই উন্নয়নমূলক কাজের স্বার্থেই আজ শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মোট ৯ ঘণ্টা সংশ্লিষ্ট এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হবে।

বিদ্যুৎহীন থাকার তালিকায় থাকা এলাকাগুলো হলো—কাশিমপুর, সুরাবারি, বাগবাড়ী, শরপাইতলী, ছায়াতল মার্কেট, দত্ত মার্কেট, রাইচমিলের আশপাশের এলাকা, মিছারবাগ বটতলার আশপাশের এলাকা, মাদরাসা বাজারের আশপাশের এলাকা, শাকিল সিনথিয়া রোড, মনটেক্স এর আশপাশের এলাকা, লালদিঘি, কবরস্থান এলাকা, বারেন্ডা (আংশিক), রফিকুল ইসলাম স্কুল এর আশপাশের এলাকা, খানকা শরিফের আশপাশের এলাকা, রওশন মার্কেট এলাকা এবং হাকের নাল ও নয়াপাড়ার আংশিক এলাকা।

উন্নয়নমূলক কাজের স্বার্থে সাময়িক এই বিদ্যুৎ বিভ্রাটের কারণে গ্রাহকদের যে সাময়িক অস্বস্তি হবে, তার জন্য কাশিমপুর জোনাল অফিসের পক্ষ থেকে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ।