রাজশাহী ও ঝালকাঠি জেলাসহ পুলিশের পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার তিন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখা-১-এর উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই বদলির আদেশ জারি করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, এন্টি টেরোরিজম ইউনিটের (এটিইউ) পুলিশ সুপার মেরিন সুলতানাকে ঝালকাঠি জেলার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগে, মোহাম্মদ বদরুল আলম মোল্লাকে ২০২৬ সালের জুলাই মাসে ঝালকাঠি জেলার পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। তবে তিনি কর্মস্থলে যোগদানের মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই তাকে ঢাকায় তলব ও প্রত্যাহার করা হয়। সেই ঘটনার পর শূন্য হওয়া এই পদে মেরিন সুলতানাকে পদায়ন করা হলো।
একই আদেশে রাজশাহীর পুলিশ সুপার নাঈমুল হাছানকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) বদলি করা হয়েছে। অন্যদিকে, পুলিশ সদর দপ্তরের এআইজি মো. মামুন অর রশিদকে রাজশাহীর নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এই বদলি সংক্রান্ত আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

