প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৭: ৫৫। মাদারীপুরে মারামারি মামলার আসামিদের নিয়ে থানায় ফেরার পথে পুলিশের একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে আব্দুস সালাম (৫১) নামের এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে মাদারীপুর-শরীয়তপুর সড়কের মঠেরবাজার এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুস সালাম কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার পশ্চিম চরকরমশি গ্রামের আব্দুল বারেক ভূঁইয়ার ছেলে। তিনি মাদারীপুরের শিবচর উপজেলার ভদ্রাসন পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারীপুর পৌর শহরের ইটেরপুল এলাকা থেকে মারামারি মামলার চার আসামি—রজ্জব, জহিরুল ইসলাম, মিজান ও আব্বাসকে গ্রেপ্তার করে শিবচর থানায় নিয়ে যাওয়া হচ্ছিল। পথে খোয়াজপুর ইউনিয়নের মঠেরবাজার এলাকায় পৌঁছালে ইমা আক্তার নামে এক শিশু হঠাৎ রাস্তা দিয়ে দৌড় দিলে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই কনস্টেবল আব্দুস সালাম মারা যান।
এই ঘটনায় পিকআপে থাকা ভদ্রাসন পুলিশ ফাঁড়ির আইসি মো. মোজাম্মেল হক (৪৫), কনস্টেবল সোহেল মাতুব্বর (৩৫), কনস্টেবল শামীম মিয়া (৩৪), কনস্টেবল হাসান হোসেন (২৫) ও কনস্টেবল শরীফুল ইসলাম (৩২) গুরুতর আহত হয়েছেন। এছাড়া পথচারী আরও চারজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে মাদারীপুর আড়াই শ’ শয্যা জেলা হাসপাতালে নেয়া হয়। এদের মধ্যে গুরুতর আহত চার পুলিশ সদস্যকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
ঘটনার বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার ফারিয়া রফিক ভাবনা বলেন, এটি অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা। আসামি নিয়ে ফেরার পথে একটি শিশুকে রক্ষা করতে গিয়ে পুলিশের গাড়িটি উল্টে যায় এবং আমাদের একজন সদস্য প্রাণ হারান। আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। তিনি সবাইকে সড়কে চলাচলের ক্ষেত্রে আরও সচেতন হওয়ার আহ্বান জানান।

