বাংলাদেশ পুলিশে কর্মরত অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ১৩ কর্মকর্তাকে একযোগে বদলি ও নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। বুধবার (১৯ আগস্ট) পুলিশ হেডকোয়ার্টার্সের তিনটি পৃথক প্রজ্ঞাপনে এই রদবদলের বিষয়টি জানানো হয়। পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সই করা প্রজ্ঞাপনগুলোতে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই কর্মকর্তারা নতুন দায়িত্ব ও কর্মস্থলে বহাল থাকবেন।
প্রজ্ঞাপনে কর্মকর্তাদের আগামী ২২ ও ২৯ তারিখের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার অর্পণের নির্দেশনা দেওয়া হয়েছে। অন্যথায়, নির্ধারিত সময়ের পরদিন থেকেই তারা স্ট্যান্ড রিলিজ হিসেবে গণ্য হবেন।
একযোগে বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ১০ জন রয়েছেন। তাদের মধ্যে ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার নাদিয়া ফারজানাকে র্যাবে, পুলিশ স্টাফ কলেজের অতিরিক্ত পুলিশ সুপার আরিফা আশরাফ পিংকিকে ডিএমপিতে, রাজবাড়ী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলামকে বান্দরবান সদর সার্কেলে এবং সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার আবু তালেবকে পটুয়াখালীর কলাপাড়া সার্কেলে বদলি করা হয়েছে।
একই প্রজ্ঞাপনে র্যাবের সহকারী পুলিশ সুপার মো. মাহফুজুর রহমানকে রাঙামাটির বাঘাইছড়ি সার্কেলে, এইচ এম গোলাম রাব্বিকে ঝিনাইদহের শৈলকুপা সার্কেলে, এ আর এম মোজাফফর হোসেনকে চট্টগ্রামের মীরসরাই সার্কেলে এবং মো. মশিহুর রহমান সোহেলকে বাগেরহাটের ফকিরহাট সার্কেলে বদলি করা হয়েছে। এছাড়া, বাগেরহাটের ফকিরহাট সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রাশেদুল ইসলাম রানাকে বরিশালের মেহেন্দিগঞ্জ সার্কেলে এবং ঝিনাইদহের শৈলকুপা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আখতারুজ্জামানকে সাতক্ষীরার তালা সার্কেলে বদলি করা হয়েছে।
অন্য দুটি পৃথক প্রজ্ঞাপনে ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. মোস্তাফিজুর রহমানকে পুলিশ সদর দপ্তরে (টিআর পদে), এসবির অতিরিক্ত পুলিশ সুপার মো. আশিকুর রহমান খানকে পুলিশ সদর দপ্তরে (টিআর পদে) এবং নোয়াখালী পিটিসির অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার রবিউল আরাফাতকে রাঙামাটি বেতবুনিয়ার পিএসটিএসে সংযুক্ত করা হয়েছে।

