বাংলাদেশ পুলিশের ৫৬ জন কর্মকর্তাকে সরকারি চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে পৃথক দুটি প্রজ্ঞাপন জারির মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ পুলিশে কর্মরত ৪৯ জন পুলিশ পরিদর্শক চাকরির ২৫ বছর পূর্ণ করেছেন। সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে তাদের সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হয়েছে। অবসরপ্রাপ্ত এই পরিদর্শকরা ডিএমপি, সিআইডি, পিবিআই, এসবি, রেলওয়ে পুলিশ এবং বিভিন্ন জেলা ইউনিটসহ পুলিশের নানা শাখায় কর্মরত ছিলেন।
একই আইনের আওতায় সহকারী পুলিশ সুপার পদমর্যাদার আরও সাত কর্মকর্তাকে অবসরে পাঠানো হয়েছে। তাদের মধ্যে রয়েছেন ঢাকা র্যাব হেডকোয়ার্টার্সের সহকারী পুলিশ সুপার নূরে আলম সিদ্দিকী, ডিএমপির তেজগাঁও বিভাগের সহকারী কমিশনার (পেট্রোল) মো. নুরুল মোত্তাকিন, খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা সার্কেলের সহকারী পুলিশ সুপার কাজী ওয়াজেদ আলী, পটুয়াখালীর গলাচিপা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. সৈয়দুজ্জামান, ঢাকা মোহাম্মদপুর র্যাব-২ এর সহকারী পুলিশ সুপার মো. গোলাম কিবরীয়া, ঢাকা আরআরএফের এএসপি মোহাম্মদ মিজানুর রহমান এবং সিরাজগঞ্জ জেলার সহকারী পুলিশ সুপার মো. রবিউল ইসলাম।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তারা বিধি অনুযায়ী অবসরজনিত সব সুবিধা প্রাপ্য হবেন। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর করা হয়েছে।

