বাংলাদেশ পুলিশ বাহিনী ক্রীড়াক্ষেত্রেও সাফল্যের স্বাক্ষর রাখতে চায় বলে জানিয়েছেন পুলিশের আইজিপি আলী হোসেন ফকির। শুক্রবার ৩১ জুলাই বিকেলে ঢাকার পূর্বাচলে নবনির্মিত বাংলাদেশ পুলিশ ফুটবল গ্রাউন্ডে অনুষ্ঠিত বাংলাদেশ পুলিশ ফুটবল চ্যাম্পিয়নশিপ (আইজিপি কাপ)-২০২৫ এর ফাইনাল খেলা শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আইজিপি বলেন, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে খেলাধুলায় পুলিশের যে সমৃদ্ধ ঐতিহ্য রয়েছে, আমরা সেটি আবারও ফিরিয়ে আনতে চাই। তিনি আরও উল্লেখ করেন যে, পুলিশিংয়ের মতো চ্যালেঞ্জিং দায়িত্ব পালনের জন্য শারীরিক ও মানসিক সুস্থতা অপরিহার্য। নিয়মিত খেলাধুলা এবং শরীরচর্চা একজন পুলিশ সদস্যকে পেশাগত দায়িত্ব পালনে আরও কর্মক্ষম ও দক্ষ করে তোলে।
প্রতিযোগিতার ফাইনাল ম্যাচে সিলেট রেঞ্জ ফুটবল দল ও চট্টগ্রাম রেঞ্জ ফুটবল দল মুখোমুখি হয়। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই খেলায় সিলেট রেঞ্জ ১-০ গোলে চট্টগ্রাম রেঞ্জকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। প্রতিযোগিতায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন সিলেট রেঞ্জের জীবন এবং ম্যান অব দ্য টুর্নামেন্ট হয়েছেন আমিরুল।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আইজিপি খেলোয়াড়দের নিষ্ঠার সাথে অনুশীলনের মাধ্যমে নিজেদের সেরা হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার ও বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবের সভাপতি মোসলেহ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ঢাকা জেলার পুলিশ সুপার ও ক্লাবের সাধারণ সম্পাদক শামীমা পারভীন। এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
এর আগে, আইজিপি পিওএইচএস-১ আবাসিক এলাকায় বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে নির্মিতব্য 'পিওএইচএস গ্রিণ মার্ট'-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

