লালমনিরহাট সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান

দিনব্যাপী সরকারি সফরে লালমনিরহাটের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় তিনি তেজগাঁও বিমানবন্দরের উদ্দেশে নিজের বাসভবন ত্যাগ করেন। সফরসূচি অনুযায়ী, সকাল ৯টায় হেলিকপ্টারযোগে লালমনিরহাটের উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী।

সকাল সাড়ে ১০টায় লালমনিরহাট এয়ারফিল্ডে পৌঁছানোর পর প্রধানমন্ত্রী অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ আয়োজিত প্রথম জাতীয় ‘অ্যারো-জিনিয়াস’ প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। এই সফরের অংশ হিসেবে তিনি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসও পরিদর্শন করবেন।

পরবর্তী কর্মসূচিতে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগরে পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। সেখানে উপস্থিত স্থানীয় উপকারভোগীদের সঙ্গে তিনি মতবিনিময় করবেন। এরপর লালমনিরহাট সার্কিট হাউজে বিরতি শেষে জেলা কালেক্টরেট মাঠে আয়োজিত ‘আলোকিত লালমনিরহাট’ শীর্ষক অনুষ্ঠানে অংশ নেবেন তারেক রহমান।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি-১ জাহিদুল ইসলাম রনি জানিয়েছেন, দিনব্যাপী এসব কর্মসূচি শেষে সন্ধ্যায় হেলিকপ্টারযোগে প্রধানমন্ত্রীর ঢাকায় ফেরার কথা রয়েছে।