বাংলাদেশে ভ্যাকসিন কারখানা স্থাপনে জাপানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

জাপানের টোকিওতে নিপ্পন ফাউন্ডেশন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের অনারারি চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়ার আয়োজিত এক নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৬ অক্টোবর ২০২৬, ০৯:০৩ পিএম) টোকিওর মেইজি কিনেনকানের হানাগাসুমি রেস্তোরাঁয় এই নৈশভোজ অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশে সংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণে একটি ভ্যাকসিন উৎপাদন কারখানা স্থাপনে জাপানের সম্ভাব্য সহযোগিতা নিয়ে আলোচনা হয়।

নৈশভোজকালে প্রধানমন্ত্রী তারেক রহমান গত সেপ্টেম্বরে ঢাকায় ইয়োহেই সাসাকাওয়ার সঙ্গে অনুষ্ঠিত বৈঠকের স্মৃতি স্মরণ করেন। একই সঙ্গে বাংলাদেশে মানবিক সহায়তা, শিক্ষা ও জনস্বাস্থ্য খাতে সাসাকাওয়ার দীর্ঘদিনের অব্যাহত অবদানের জন্য আন্তরিক ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। উল্লেখ্য, পূর্বে গত সেপ্টেম্বরে বাংলাদেশ সফরকালে ইয়োহেই সাসাকাওয়া প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছিলেন।

নৈশভোজে সরকারের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিল। এতে অংশ নেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, প্রধানমন্ত্রীর এশিয়া-প্যাসিফিক অঞ্চলে বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক বিশেষ সহকারী ড. মো. শাকিরুল ইসলাম খান এবং প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ কামরুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা।

জাপানি পক্ষের মধ্যে নিপ্পন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক তাকাশি আরিকাওয়া এবং প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা এই নৈশভোজে অংশগ্রহণ করেন।