দেশের বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত দক্ষতা উন্নয়ন ও প্রশিক্ষণ কার্যক্রমকে একটি সমন্বিত কাঠামোর আওতায় আনার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে তিনি সব প্রশিক্ষণ কার্যক্রমে অভিন্ন সিলেবাস চালু এবং সমন্বিতভাবে সনদ দেওয়ার ব্যবস্থা করার তাগিদ দিয়েছেন। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডিএ) গভর্নিং বডির তৃতীয় সভায় সভাপতিত্বকালে তিনি এই নির্দেশনা প্রদান করেন।
সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জাতীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা বিবেচনা করে দক্ষ মানবসম্পদ তৈরিতে এনএসডিএ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিশ্বজুড়ে বাংলাদেশের দক্ষ জনশক্তির চাহিদা বাড়াতে এই প্রতিষ্ঠানটি একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে। তিনি আরও উল্লেখ করেন, দেশের যুবসমাজের দক্ষতা উন্নয়ন বর্তমান সময়ে অত্যন্ত জরুরি। তবে বর্তমানে বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে নানা ধরনের প্রশিক্ষণ কার্যক্রম চালু থাকলেও যথাযথ সমন্বয়ের অভাব রয়েছে। ফলে এসব প্রশিক্ষণ ও সনদ অনেক ক্ষেত্রে কাঙ্ক্ষিত কার্যকারিতা পাচ্ছে না এবং তরুণরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে যথাযথ স্বীকৃতি থেকে বঞ্চিত হচ্ছেন।
এই সমন্বয়হীনতা দূর করতে এনএসডিএর গভর্নিং বডিকে দ্রুত সময়ের মধ্যে একটি ছোট কমিটি গঠনের মাধ্যমে প্রয়োজনীয় নীতিমালা প্রণয়ন করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। এরপর সব মন্ত্রণালয়ের প্রশিক্ষণ কার্যক্রমকে একটি সমন্বিত কাঠামোর অধীনে নিয়ে আসতে হবে। প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, অভিন্ন ও আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ এবং সনদায়ন ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হলে দেশের তরুণদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি বৈশ্বিক শ্রমবাজারে তাদের গ্রহণযোগ্যতা ও স্বীকৃতি অনেক গুণ বৃদ্ধি পাবে।
গুরুত্বপূর্ণ এই সভায় উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ, শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। এছাড়া প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হকসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় অংশ নেন।
সভায় আরও যোগ দেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুণ, এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক ড. এস এম আব্দুল আওয়াল এবং এনএসডিএর নির্বাহী চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ও উচ্চপদস্থ কর্মকর্তারা।

