জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে মন্ত্রিসভা। এই ঐতিহাসিক ও মর্যাদাপূর্ণ অর্জনের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করতে মন্ত্রিসভায় গৃহীত অভিনন্দন প্রস্তাবটি গেজেট আকারে প্রকাশ করা হয়েছে। গত বৃহস্পতিবার (১ অক্টোবর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি অতিরিক্ত গেজেট জারি করা হয়।

গেজেট অনুযায়ী, গত ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান বক্তব্য প্রদান করেন। বাংলাদেশের জন্য এই ঘটনাকে একটি বিশেষ মর্যাদাপূর্ণ ও ঐতিহাসিক মাইলফলক হিসেবে অভিহিত করা হয়েছে। গেজেটে আরও উল্লেখ করা হয়েছে যে, একই পরিবারের তিন সদস্যের জাতিসংঘ সাধারণ পরিষদে নিজ দেশের প্রতিনিধিত্ব করার ঘটনাটি অত্যন্ত বিরল ও অনন্য। এর আগে প্রধানমন্ত্রীর পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৮০ সালের ২৬ আগস্ট ১১তম বিশেষ অধিবেশনে এবং মাতা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ১৯৯৬ সালের ১ অক্টোবর ৪৮তম অধিবেশনে ভাষণ দিয়েছিলেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সফর সম্পর্কে গেজেটে জানানো হয়েছে, চার দিনের এই সফরে তিনি মোট ২৩টি আন্তর্জাতিক কর্মসূচিতে অংশ নেন। এর মধ্যে জাতিসংঘের উচ্চপর্যায়ের সাতটি সভায় বক্তব্য প্রদান, ১১টি দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক এবং জাতিসংঘসহ ১০টি আন্তর্জাতিক সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি।

মন্ত্রিসভার অভিনন্দন প্রস্তাবে বলা হয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে জাতিসংঘে বাংলাদেশের অংশগ্রহণ দেশের অঙ্গীকার ও প্রত্যাশাকে বিশ্বমঞ্চে তুলে ধরেছে, যা দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। গত ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই অভিনন্দন প্রস্তাবটি গ্রহণ করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এই গেজেটটি সর্বসাধারণের অবগতির জন্য প্রকাশ করা হয়েছে।