জেবিআইসি গভর্নরের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, বাংলাদেশে কার্যালয় খোলার আহ্বান

জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশনের (জেবিআইসি) গভর্নর আমাকাওয়া কাজুহিকোর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৮ অক্টোবর) জাপানের স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় এই গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশের জ্বালানি, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) এবং অবকাঠামো খাতে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদারের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বাংলাদেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে বিনিয়োগ ও সহযোগিতার জন্য জেবিআইসি-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী তারেক রহমান এ সময় জানান, বর্তমান সরকার ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার জন্য বিভিন্ন বিধিবিধান সংস্কার ও সহজীকরণের উদ্যোগ নেওয়া হয়েছে এবং বিনিয়োগবান্ধব নীতি প্রণয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আরও বলেন, জেবিআইসি-এর অগ্রাধিকারভিত্তিক প্রকল্পগুলো বাংলাদেশের বর্তমান সরকারের উন্নয়ন লক্ষ্যমাত্রার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

সাক্ষাতকালে বাংলাদেশে জেবিআইসি-এর একটি কার্যালয় খোলার জন্য প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানান। জেবিআইসি-এর গভর্নর আমাকাওয়া কাজুহিকো এই প্রস্তাবটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন বলে আশ্বাস প্রদান করেন।

বৈঠকে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. শাকিরুল ইসলাম খান এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।