প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৫৯ পিএম। যান্ত্রিক ত্রুটি সারিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভিভিআইপি ফ্লাইট বিজি-৩৭৭ জাপান থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছে। বৃহস্পতিবার জাপানের স্থানীয় সময় রাত ১০টা ৪৫ মিনিটে ফ্লাইটটি উড্ডয়ন করে।
এর আগে উড়োজাহাজটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় প্রধানমন্ত্রীর দেশে ফেরার যাত্রা বিলম্বিত হয়। উড়োজাহাজের স্পয়লারে ত্রুটিসংক্রান্ত সংকেত পাওয়ার পর পাইলট উড্ডয়ন স্থগিত করেন। পরে বিমানটিকে পার্কিং এলাকায় ফিরিয়ে নিয়ে কারিগরি পরীক্ষা ও মেরামতের কাজ শুরু করেন প্রকৌশলীরা। ত্রুটি মেরামতে দীর্ঘ সময় লাগায় প্রধানমন্ত্রী ও তার প্রতিনিধিদলের সদস্যরা বিমান থেকে নেমে যান এবং অন্য যাত্রীদেরও বিমানবন্দরের লাউঞ্জে অপেক্ষায় রাখা হয়।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্রে জানা গেছে, ভিভিআইপি যাত্রীদের বহনকারী ফ্লাইটটির নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নির্ধারিত গন্তব্যে যাত্রার কথা ছিল। বোর্ডিং শেষে উড়োজাহাজটিকে টার্মিনাল থেকে পুশব্যাক করা হয়। রানওয়ের দিকে যাওয়ার সময় ককপিটে স্পয়লারের ত্রুটিসংক্রান্ত সংকেত দেখা দিলে পাইলট তাৎক্ষণিকভাবে উড্ডয়নের সিদ্ধান্ত বাতিল করেন। পরবর্তীতে কন্ট্রোল টাওয়ারের সঙ্গে সমন্বয় করে বিমানটিকে নির্ধারিত পার্কিং এলাকায় ফিরিয়ে নেওয়া হয়।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে ফ্লাইটটির উড্ডয়নের নির্ধারিত সময় থাকলেও যান্ত্রিক ত্রুটির কারণে তা বিলম্বিত হয়। নির্ধারিত সময়ের প্রায় ৪০ মিনিট পর ককপিট থেকে পাইলট যাত্রীদের কাছে দুঃখপ্রকাশ করে বিলম্বের বিষয়টি জানান। প্রকৌশলীদের নিবিড় পরীক্ষা-নিরীক্ষা ও মেরামতের কাজ শেষে ফ্লাইটটি পুনরায় ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে।

