‘গোল করলেই ফ্রি শপিং’ অফারে পল্লবীতে তুলকালাম, বন্ধ করল পুলিশ

ঢাকার পল্লবীতে একটি নতুন বিক্রয়কেন্দ্রের উদ্বোধনকে কেন্দ্র করে হট্টগোল ও হাতাহাতির ঘটনা ঘটেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ‘গোলপোস্টে শট নিয়ে গোল করলেই ৩ হাজার টাকার কেনাকাটা ফ্রি’—এমন বিজ্ঞাপন দেখে সেখানে শত শত মানুষ ভিড় করেন। তবে ভেতরে গিয়ে শর্তহীন কেনাকাটার সুযোগ না পেয়ে ক্ষুব্ধ ক্রেতাদের সঙ্গে প্রতিষ্ঠানের কর্মীদের সংঘর্ষ বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ এসে বিক্রয়কেন্দ্রটি বন্ধ করে তালা ঝুলিয়ে দেয়।

শুক্রবার বিকেলে পল্লবীর ‘লাইভ শপিং’ নামের একটি লাইফস্টাইল আউটলেটে এ ঘটনা ঘটে। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সেখানে প্রায় দুই হাজার উত্তেজিত মানুষ জড়ো হয়েছিলেন, যাদের দোকান থেকে বের করে তালা লাগিয়ে দেওয়া হয়। ওসির মতে, বিজ্ঞাপনের নিচে অত্যন্ত ছোট অক্ষরে ‘সিএ’ বা ‘শর্ত প্রযোজ্য’ লেখা থাকায় সাধারণ মানুষ বিভ্রান্ত হয়ে হুমড়ি খেয়ে পড়েছিলেন। তবে সেখানে কোনো লুটপাটের ঘটনা ঘটেনি এবং প্রতিষ্ঠানটির পক্ষ থেকেও কোনো আনুষ্ঠানিক অভিযোগ করা হয়নি। পুলিশ কর্তৃপক্ষকে বড় অক্ষরে শর্তাবলি লিখে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি স্পষ্ট করার পরামর্শ দিয়েছে।

এর আগে বিকেল চারটার দিকে লাইভ শপিংয়ের ফেসবুক পেজে সাহায্য চেয়ে একটি পোস্ট দেওয়া হয়, যেখানে দাবি করা হয় কিছু দল উদ্দেশ্যমূলকভাবে ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। পরে এক লাইভ ভিডিওতে প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী আশিক খান অভিযোগ করেন, বেলা তিনটায় আউটলেটটির উদ্বোধন উপলক্ষে বিশেষ অফার দেওয়া হয়েছিল। শর্তটি ছিল—ন্যূনতম তিন হাজার টাকার কেনাকাটা করলে ক্রেতা গোলপোস্টে দুটি শট নেওয়ার সুযোগ পাবেন এবং একটি গোল করতে পারলে তিন হাজার টাকা ক্যাশব্যাক পাবেন, যা কার্যত ফ্রি শপিং। আশিক খানের দাবি, ১০ থেকে ১৫ জন ব্যক্তি উদ্দেশ্যমূলকভাবে হামলা চালিয়ে কর্মীদের মারধর করেছে এবং ক্রেতাদের ব্যাগ, জুতোসহ বিভিন্ন পণ্য লুট করেছে। ঘটনার সময় সেখানে সহস্রাধিক মানুষের উপস্থিতি ছিল বলে তিনি জানান।

ওই ভিডিওতে তিনি বিক্রয়কেন্দ্রে ‘লুটপাট’ ও বিক্রয় প্রতিনিধিদের মারধরের অভিযোগ তুলে বলেন, ১০-১৫ ব্যক্তি উদ্দেশ্যমূলকভাবে এ ঘটনা ঘটিয়েছে।