ওসমানীনগরে প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিল নিয়ে মুখোমুখি বিএনপির তিন পক্ষ

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৯: ৫৫। সিলেটের ওসমানীনগরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে গিয়ে স্থানীয় পর্যায়ের অভ্যন্তরীণ বিরোধ ও বিভাজন প্রকাশ্যে এসেছে। মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকেলে আয়োজিত পৃথক কর্মসূচিতে অংশ নেওয়া তিন পক্ষের পাল্টাপাল্টি অবস্থানে তাজপুর বাজারে উত্তেজনার সৃষ্টি হয়।

জানা গেছে, এদিন বিকেল সাড়ে ৩টায় তাজপুর বাজারে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সিনিয়র সদস্য সৈয়দ এনামুল হক এনাম পীরের নেতৃত্বে একটি অংশ প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি পালন করে। একই সময়ে কদমতলা থেকে সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদী লুনার অনুসারী উপজেলা বিএনপির নেতাকর্মীরা আরেকটি বর্ণাঢ্য মিছিল নিয়ে তাজপুর বাজারের দিকে এগিয়ে আসেন। অন্যদিকে, বিকেল ৩টায় গোয়ালাবাজারে সাবেক উপজেলা চেয়ারম্যান মো. আব্দাল মিয়া, ইউপি সদস্য ইমরান রব্বানী, সাবেক ভাইস চেয়ারম্যান গয়াছ মিয়া ও জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাজ্জাদুর রহমানের নেতৃত্বে আরেকটি অংশ আলাদাভাবে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে অংশ নেয়।

তাজপুর বাজারে সৈয়দ এনামুল হক এনাম পীরের নেতৃত্বে আয়োজিত মিছিলটি কদমতলা ঘুরে বনফুলের সামনে এসে পথসভায় মিলিত হয়। একই সময়ে তাহসিনা রুশদী লুনার অনুসারীদের মিছিলটি সেখানে পৌঁছালে দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে মুখোমুখি অবস্থানের ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষের সমর্থকদের মধ্যে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং একে অপরকে লক্ষ্য করে কুরুচিপূর্ণ স্লোগান দেওয়া হয়। তবে স্থানীয় সিনিয়র নেতৃবৃন্দের হস্তক্ষেপে শেষ পর্যন্ত কোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

এর আগে গত ২৭ আগস্ট তাজপুর বাজারে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরকে নাগরিক সংবর্ধনা দেওয়ার প্রস্তুতি সভায় তার অনুসারী দুই বলয়ের মধ্যে হট্টগোল ও তর্ক-বিতর্কের ঘটনা ঘটেছিল। সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর পৃথক কর্মসূচি এবং একই সময়ে মুখোমুখি অবস্থানের ঘটনা ওসমানীনগরে বিএনপির অভ্যন্তরীণ নেতৃত্বের বিরোধকে নতুন করে আলোচনায় নিয়ে এসেছে।