নোয়াখালীতে পুলিশের বিশেষ অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার ১৩

নোয়াখালী জেলায় মাদক নির্মূলে পুলিশের বিশেষ অভিযানে ৪৯৫ পিস ইয়াবাসহ ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার দিনভর জেলার বিভিন্ন থানা ও বিট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। শুক্রবার (০৫ সেপ্টেম্বর ২০২৬) সকাল ০৬:২৮ মিনিটে নোয়াখালী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আহমেদ পেয়ার এই অভিযানের বিষয়টি নিশ্চিত করেন।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে জেলার বিভিন্ন স্থানে মোট ২০টি পৃথক অভিযান চালানো হয়। অভিযানে গ্রেপ্তার হওয়া ১৩ জনের মধ্যে চারজন চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং বাকি নয়জন মাদকসেবী।

থানাভিত্তিক গ্রেপ্তারের তথ্য দিয়ে অতিরিক্ত পুলিশ সুপার আহমেদ পেয়ার জানান, অভিযানে সুধারাম থানা এলাকায় ৩ জন, বেগমগঞ্জ মডেল থানা এলাকায় ৪ জন এবং সেনবাগ থানায় ৪ জনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া কবিরহাট থানায় ১ জন এবং চরজব্বর থানা এলাকায় ৪৪৭ পিস ইয়াবাসহ ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এই মাদকবিরোধী অভিযানের ঘটনায় সংশ্লিষ্ট থানাগুলোতে ৪টি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি গ্রেপ্তারকৃতদের মধ্যে কয়েকজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।