নাটোরকে একটি বিশ্বমানের টুরিস্ট হাব হিসেবে গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম শুক্রবার দুপুরে বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক ঐতিহ্যের অন্যতম নিদর্শন উত্তরা গণভবন পরিদর্শন শেষে এই ঘোষণা দেন। তিনি জানান, নাটোরে পর্যটনের অপার সম্ভাবনা থাকলেও এখন পর্যন্ত পর্যাপ্ত আবাসন ও অবকাঠামোগত সুযোগ-সুবিধা গড়ে ওঠেনি।
মন্ত্রী আরও বলেন, বলনতা সেন, রানী ভবানী ও বিখ্যাত কাঁচাগোল্লার জন্য পরিচিত এই জেলাকে পর্যটন মানচিত্রে যথাযথভাবে তুলে ধরা হবে। পর্যটকদের সুবিধার্থে এখানে উন্নত যোগাযোগ ব্যবস্থা ও মানসম্মত আবাসনের জন্য প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নের উদ্যোগ নেওয়া হবে।
শুক্রবার বিকেলে হালতি বিল পরিদর্শন শেষে পাটুল ইউনিয়ন বিএনপি আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মন্ত্রী। উক্ত জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি বলেন, প্রতি বছর বিপুল সংখ্যক পর্যটক নাটোরে এলেও থাকার সুব্যবস্থার অভাবে তারা নিরুৎসাহিত হন। এই সমস্যা সমাধানে বর্তমান সরকার পর্যটন অবকাঠামো উন্নয়নে কাজ করবে।
জনসভায় আরও বক্তব্য রাখেন নাটোর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, ছাবিনা ইয়াসমিন ছবি, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব, সাবেক মেয়র কাজী শাহ আলম, এমদাদুল হক আল মামুন, অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন ও শরিফুল ইসলাম বুলবুলসহ স্থানীয় নেতৃবৃন্দ।

