সংস্কার প্রক্রিয়া ভণ্ডুল করতে চাইছে সরকার: নাহিদ ইসলাম

জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে সরকার জনগণের গণভোটের রায় কার্যকর করছে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি অভিযোগ করেন, একটি সংবিধান সংশোধন কমিটি গঠনের মাধ্যমে সরকার পুরো সংস্কার প্রক্রিয়াকে ভণ্ডুল করে দেওয়ার চেষ্টা করছে। অথচ এই সংস্কার বাস্তবায়নে গণভোটে দেশের ৭০ শতাংশ মানুষ ম্যান্ডেট দিয়েছে।

শুক্রবার সন্ধ্যা সোয়া ছয়টায় জয়পুরহাট শহরের স্টেশন সড়কের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এনসিপির জয়পুরহাট জেলা শাখা ‘সাংগঠনিক অগ্রগতি পর্যালোচনা ও স্থানীয় নির্বাচনকেন্দ্রিক পরিকল্পনা প্রণয়ন’ শীর্ষক এই সভার আয়োজন করে। নাহিদ ইসলাম বলেন, গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা এখনো বাস্তবায়িত হয়নি বলেই আমাদের মাঠে নামতে হচ্ছে।

আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সুযোগ প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, গত আট মাসে সরকার ফ্যাসিস্ট আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ তৈরি করে দিয়েছে। তবে ডিসেম্বরে তাদের ফিরে আসার কোনো সুযোগ নেই। তিনি আরও বলেন, সরকার যদি তাদের মেয়াদ পূর্ণ করতে চায়, তবে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে।

বিরোধীদলীয় চিফ হুইপ অভিযোগ করেন, নির্বাচনের আগে বিএনপি ফ্যাসিস্ট আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করেছে। মামলা-বাণিজ্যের মাধ্যমে আওয়ামী লীগের লোকজনকে বাঁচিয়ে তাদের ভোটব্যাংক নিজেদের পক্ষে নেওয়ার চেষ্টা করা হয়েছে। তিনি জানান, ডিসেম্বরে নদীর পানির হিস্যা আদায়ের দাবিতে তারা মাঠে থাকবেন।

সভায় এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব সারজিস আলম বলেন, স্থানীয় সরকার নির্বাচনে এনসিপি এককভাবে প্রার্থী দেওয়ার লক্ষ্য নিয়ে সারা দেশে কাজ করছে। মতবিনিময় সভায় অন্যদের মধ্যে এনসিপির জয়পুরহাট জেলা কমিটির আহ্বায়ক নুরুল ইসলাম, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক গোলাম কবীর ও সদস্যসচিব ইসমাইল হোসেনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।