কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশের সময় মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর তিন সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃতরা হলেন রাখাইনের মংডু শহর পুলিশ স্টেশনের সেকেন্ড লেফটেন্যান্ট হেইন ডে হেট, একই স্টেশনের পুলিশ সদস্য হেইন জাও এবং বুচিডংয়ের ৩ নম্বর বিজিপি ইউনিটের সদস্য কিয়াও নাইং।
২ বিজিবি ব্যাটালিয়নের তথ্য অনুযায়ী, সোমবার দুপুর ১২টার দিকে তারা নাফ নদী সাঁতরে টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়া সীমান্ত পয়েন্টে পৌঁছান। সেখানে টহলরত বিজিবি সদস্যরা তাদের আটক করেন। আটককৃতদের মধ্যে একজন বিজিপি সদস্য এবং অপর দুজন মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর সদস্য।
সোমবার দুপুরে আটকের পর রাতে তাদেরকে টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়। টেকনাফ মডেল থানার ওসি সাইফুল ইসলাম জানান, মঙ্গলবার বেলা ১১টার দিকে এই তিনজনকে আদালতে পাঠানো হয়েছে। অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।

