মিয়ানমার থেকে গ্যাস আমদানির আলোচনা শুরু করেছে সরকার

শিল্পকারখানা ও বাসাবাড়িতে গ্যাস সরবরাহ স্বাভাবিক করার লক্ষ্যে মিয়ানমার থেকে গ্যাস আমদানির বিষয়ে আলোচনা শুরু করেছে সরকার। মঙ্গলবার বিকেলে কৃষিবিদ ইনস্টিটিউশন অব বাংলাদেশ (কেআইবি)-তে ‘গণতন্ত্র আদায়ে ১৭ বছরের অনিবার সংগ্রাম ও রক্তঝরা জুলাই জাগরণ’ শীর্ষক আলোচনা সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান এ তথ্য জানান। তিনি উল্লেখ করেন, জ্বালানি খাতের সংকট সাময়িক এবং এটি নিরসনে সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

প্রধানমন্ত্রী জানান, মালয়েশিয়ার ‘পেট্রোনাস’ কোম্পানির সঙ্গে গ্যাস আমদানির বিষয়ে আলোচনা চূড়ান্ত হয়েছে। এর মাধ্যমে দ্রুততম সময়ের মধ্যে কনটেইনারের মাধ্যমে এলএনজি গ্যাস দেশে আনা হবে। এই উদ্যোগের ফলে বন্ধ থাকা বিদ্যুৎ কেন্দ্রগুলোতে গ্যাস সরবরাহ করা সম্ভব হবে এবং জাতীয় গ্রিডে বাড়তি ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে।

দেশের অভ্যন্তরীণ জ্বালানি সক্ষমতা বাড়াতে দীর্ঘ ১৭ বছর ধরে অকার্যকর রাখা ‘বাপেক্স’-কে পুনরুজ্জীবিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে দুটি নতুন রিগ কেনার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

কর্মসংস্থান ও বেকারত্ব দূরীকরণের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। এছাড়া চট্টগ্রাম ও নারায়ণগঞ্জে বিশাল এলাকায় নতুন শিল্পাঞ্চল গড়ে তোলার কাজ চলছে, যেখানে চীনা ও কোরিয়ান বিনিয়োগ আসবে। পাশাপাশি বিটিএমসির বন্ধ পড়ে থাকা প্রায় ৫০টি মিল-কারখানা বেসরকারি খাতে চালু করে হাজার হাজার কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হচ্ছে। তরুণ উদ্যোক্তাদের সহায়তায় ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন পর্যায়ে বিশেষ ফান্ড চালু করা হয়েছে।

জুলাই আন্দোলনের বিষয়ে তারেক রহমান বলেন, এটি সম্পূর্ণভাবে জনগণের আন্দোলন ছিল এবং এর সাফল্যের কৃতিত্ব দেশের সর্বস্তরের জনগণের। তিনি আরও জানান, সরকার জুলাই আন্দোলনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে আছে এবং থাকবে। ক্ষতিগ্রস্তদের মধ্যে যাদের চিকিৎসার প্রয়োজন তাদের সুচিকিৎসা এবং যাদের কর্মসংস্থান প্রয়োজন তাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।

শিক্ষা ব্যবস্থার সংস্কার প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, শিক্ষা কার্যক্রমকে আনন্দের মাধ্যমে শিখন বা ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ ধারণায় ঢেলে সাজাতে চাই। পরিশেষে তিনি ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধ, বিগত বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন এবং জুলাই আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং দেশের শান্তি, অর্থনৈতিক উন্নতি ও গণতন্ত্রকে চিরস্থায়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।