মিটফোর্ডে নতুন উপপরিচালক নিয়োগ স্থগিতের দাবি এনডিএফের

রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের উপপরিচালক ডা. মুহাম্মদ হাবিবুর রহমানকে স্বাস্থ্য অধিদপ্তরে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করার পর তার স্থলে ডা. শাহরিয়া শায়লা জাহানকে পদায়নের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ)। রোববার (৬ সেপ্টেম্বর) সংগঠনটির সভাপতি অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম ও জেনারেল সেক্রেটারি অধ্যাপক ডা. মাহমুদ হোসেন যৌথ বিবৃতিতে এই প্রতিবাদ জানান।

ন্যাশনাল ডক্টরস ফোরামের দপ্তর সম্পাদক ডা. এ কে এম জিয়াউল হক স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, গত ১ সেপ্টেম্বরের প্রজ্ঞাপনে কোনো সুনির্দিষ্ট কারণ ছাড়াই ডা. মুহাম্মদ হাবিবুর রহমানকে উপপরিচালকের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে, তার স্থলে পদায়ন করা কর্মকর্তা ডা. শাহরিয়া শায়লা জাহানের বিরুদ্ধে অতীতে মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে দায়িত্ব পালনকালে সাড়ে ছয় কোটি টাকার টেন্ডার দুর্নীতি ও প্রশাসনিক অনিয়মের অভিযোগ রয়েছে। স্থানীয়দের আন্দোলনের মুখে গত বছরের ১৬ নভেম্বর তাকে স্বাস্থ্য অধিদপ্তরে ওএসডি করা হয়েছিল বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

এনডিএফ নেতারা অভিযোগ করেন, ওই কর্মকর্তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের তদন্ত ফলাফল প্রকাশ না করেই রাজধানীর একটি গুরুত্বপূর্ণ হাসপাতালে তাকে প্রশাসনিক পদে পদায়ন করায় স্বচ্ছতা ও জবাবদিহি নিয়ে গুরুতর প্রশ্ন দেখা দিয়েছে। একই সঙ্গে ডা. মুহাম্মদ হাবিবুর রহমানকে ওএসডি করার কারণও স্পষ্ট করা জরুরি বলে তারা মনে করেন।

সংগঠনটি দুই দফা দাবি জানিয়েছে। দাবিগুলোর মধ্যে রয়েছে—সংশ্লিষ্ট প্রজ্ঞাপন প্রত্যাহার করে ডা. মুহাম্মদ হাবিবুর রহমানকে স্বপদে বহাল করা এবং অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন প্রকাশ ও নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার নতুন পদায়ন স্থগিত রাখা। নেতৃবৃন্দ বলেন, মিটফোর্ড হাসপাতালের প্রশাসনিক নেতৃত্বে স্বচ্ছতা ও যোগ্যতা নিশ্চিত করা অপরিহার্য। দাবি বাস্তবায়ন না হলে চিকিৎসক সমাজকে সঙ্গে নিয়ে পর্যায়ক্রমে কর্মসূচি ঘোষণা করা হবে।