টাঙ্গাইলের মির্জাপুরে পুলিশের এক কনস্টেবল স্বামীর মানসিক নির্যাতনে পারভীন আক্তার (১৯) নামের এক নববধূর আত্মহত্যার অভিযোগে ফুঁসে উঠেছেন এলাকাবাসী। অভিযুক্ত ওই পুলিশ সদস্যের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে তারা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।
শনিবার দুপুরে উপজেলার লতিফপুর ছলিমনগর খেলার মাঠে আয়োজিত এই মানববন্ধনে ওই গ্রামের নানা বয়সী শতাধিক নারী-পুরুষ অংশ নেন। এ সময় তারা অভিযুক্ত পুলিশ সদস্য নাঈমুর রহমানের কঠোর শাস্তির দাবি জানান।
মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, মির্জাপুর উপজেলার লতিফপুর ইউনিয়নের ছলিমনগর গ্রামের শাহীন সিকদারের মেয়ে পারভীন আক্তারের সঙ্গে প্রায় দুই মাস আগে পারিবারিকভাবে বিয়ে হয় পার্শ্ববর্তী গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার পূর্ব চান্দরা গ্রামের নাঈমুর রহমানের। নাঈমুর পুলিশে কনস্টেবল হিসেবে কর্মরত। মৃত্যুর আগে পারভীন একটি সুইসাইড নোটও রেখে গেছেন বলে জানা গেছে।

