মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ মেট্রোরেল স্টেশন

রাজধানীর মিরপুর-১১ এলাকায় মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সোয়া ১০টার দিকে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে আন্দোলনরত শ্রমিকরা ফের সড়ক অবরোধ করেন। তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে। জবাবে শ্রমিকরাও পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করেন। দুই পক্ষের মধ্যে পালটাপালটি ধাওয়ার ঘটনা চলমান রয়েছে। এই শ্রমিক আন্দোলনের জেরে মিরপুর মেট্রোরেল স্টেশন বন্ধ করে দেওয়া হয়েছে।

ন্যূনতম মজুরি নিয়ে অসন্তোষের কারণে দেশের প্রধান তিনটি শিল্পাঞ্চলে চরম শ্রমিক অস্থিরতা দেখা দিয়েছে। বিজিএমইএ সূত্রে জানা গেছে, শ্রমিকরা কাজ বন্ধ রেখে কারখানা থেকে বেরিয়ে যাওয়ায় সোমবার পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলের মোট ৬৭৯টি পোশাক কারখানা বন্ধ ছিল। এই কারখানাগুলোর ১৬ লাখ ৮০ হাজার ৫৭২ জন শ্রমিক কাজ না করেই ফিরে যেতে বাধ্য হয়েছেন।

বিজিএমইএর হিসাব অনুযায়ী, দেশের পাঁচটি শিল্পাঞ্চলে মোট দুই হাজার ১৩৪টি কারখানার মধ্যে সোমবার বেলা সাড়ে ৩টা পর্যন্ত এক হাজার ৪৫৫টি কারখানা খোলা ছিল। মিরপুর এলাকায় মোট ৩২০টি কারখানার মধ্যে ৫৫টি কারখানা থেকে ৫৩ হাজার ৮৪০ জন শ্রমিক কাজ না করে চলে যান। এছাড়া গাজীপুর ও ময়মনসিংহ অঞ্চলের ৮৩৬টির মধ্যে ৩৮২টি, সাভার-আশুলিয়া ও জিরানী অঞ্চলের ৪৪১টির মধ্যে ২২৩টি কারখানার সাত লাখ ৪৩ হাজার শ্রমিক এবং নারায়ণগঞ্জের ১৯৯টির মধ্যে ৯টি কারখানায় শ্রমিক অসন্তোষের কারণে উৎপাদন ব্যাহত হয়েছে। তবে চট্টগ্রাম অঞ্চলের ৩৪০টি কারখানায় কোনো শ্রমিক অসন্তোষের ঘটনা ঘটেনি। শিল্পাঞ্চলগুলোতে থমথমে অবস্থা বিরাজ করছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।