শিক্ষকদের বেতন নেই, এক বছর ধরে বন্ধ মিরিঞ্জা প্রাথমিক বিদ্যালয়

লামার দুর্গম পাহাড়ি এলাকায় ক্ষুদ্র নৃগোষ্ঠী ও বাঙালিপাড়ার শিশুদের শিক্ষার সুযোগ তৈরির লক্ষ্যে ২০০২ সালে প্রতিষ্ঠিত মিরিঞ্জা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়টি এখন নীরবতায় ঢাকা। একসময় শতাধিক শিশু শিক্ষার্থীর কলকাকলিতে মুখর থাকা এই বিদ্যাপীঠের শ্রেণিকক্ষে এখন কেবল পড়ে আছে ধুলামাখা বেঞ্চ ও পুরোনো বই-খাতা। শিক্ষকের বেতন সংকটের কারণে প্রায় এক বছর ধরে বিদ্যালয়টির শিক্ষা কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে।

বিদ্যালয়টি প্রতিষ্ঠার পেছনে স্থানীয় শিক্ষানুরাগীদের বড় ভূমিকা ছিল। আনোয়ার আলীর স্ত্রী জায়তুল নেছা জুতি প্রায় ৪০ শতক জমি দান করার পর মোহাম্মদ হোসাইন, জায়তুল নেছা জুতি, নেজাম উদ্দিন ও মো. জিয়াবুলের উদ্যোগে এখানে শিক্ষা কার্যক্রম শুরু হয়। ৮-৯ কিলোমিটার এলাকার মধ্যে এটিই ছিল একমাত্র বিদ্যালয়, ফলে স্থানীয় শিশুদের শিক্ষার প্রধান ভরসা ছিল এটি। তবে সময়ের ব্যবধানে আর্থিক সংকটে পড়ে প্রতিষ্ঠানটি। শিক্ষক ধরে রাখা কঠিন হয়ে পড়ায় পাঠদান ব্যাহত হতে থাকে।

পরবর্তীতে জাগো ফাউন্ডেশনের উদ্যোগে একজন শিক্ষক নিয়োগ দেওয়া হলেও স্থায়ীভাবে সমস্যার সমাধান হয়নি। শেষ পর্যন্ত ২০২৫ সালে শিক্ষক সংকট ও আর্থিক সমস্যার কারণে বিদ্যালয়টি পুরোপুরি বন্ধ হয়ে যায়। সাবেক শিক্ষক জিয়াবুল বলেন, দীর্ঘ বছর বিনা বেতনে চাকরি করার পর বেতন না পাওয়ায় তিনি অন্য পেশা বেছে নিতে বাধ্য হয়েছেন।

বিদ্যালয়ের সাবেক সভাপতি চাকনাই ম্রো জানান, শুরুতে বিদ্যালয়টি অত্যন্ত প্রাণবন্ত ছিল এবং এখান থেকে পড়াশোনা করে অনেক শিক্ষার্থী পরবর্তীতে বিভিন্ন পেশায় প্রতিষ্ঠিত হয়েছেন। বর্তমানে বিদ্যালয়টি বন্ধ থাকায় স্থানীয়রা এর ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন। সাবেক শিক্ষার্থীরা দ্রুত শিক্ষা কার্যক্রম চালুর দাবি জানিয়েছেন, কারণ একটি বিদ্যালয় বন্ধ হওয়া মানে পুরো এলাকার ভবিষ্যৎ প্রজন্মের ওপর নেতিবাচক প্রভাব পড়া।

লামা সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শহিদুল ইসলাম বলেন, মিরিঞ্জা এবং এর আশপাশের দুর্গম এলাকার শিশুদের জন্য বিদ্যালয়টির গুরুত্ব অপরিসীম। এটি পুনরায় চালু করে পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়াশোনার সুযোগ নিশ্চিত করা গেলে নিরক্ষরতা দূরীকরণে বড় ভূমিকা রাখবে।

উপজেলা শিক্ষা কর্মকর্তা দেবাশীষ বিশ্বাস জানান, বিদ্যালয়টি বন্ধ থাকার বিষয়টি তিনি শুনেছেন। তার মতে, এটি পরিচালনার জন্য কার্যকর ও দায়িত্বশীল উদ্যোক্তার অভাবই বন্ধ হওয়ার মূল কারণ। সরকারি সহায়তা বা সহযোগিতার বিষয়ে এখন পর্যন্ত কেউ উপজেলা শিক্ষা অফিসে যোগাযোগ করেননি। তিনি জানান, যোগাযোগ করা হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।