রাজধানীর বাজারে মাছ, ডিম ও মুরগির দামে আবারও অস্থিরতা

রাজধানীর খুচরা বাজারে সপ্তাহের ব্যবধানে নিত্যপণ্যের দাম আবারও বেড়েছে, যার প্রভাব পড়েছে মাছ, ডিম ও ব্রয়লার মুরগির ওপর। সব মিলিয়ে বাজারে এক ধরনের অস্থিরতা বিরাজ করছে। বিশেষ করে মাছের বাজারে অস্থিরতা সবচেয়ে বেশি লক্ষ্য করা যাচ্ছে, যেখানে প্রায় সব ধরনের মাছের দাম কেজিতে ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। সামুদ্রিক মাছের দাম এখন এতটাই চড়া যে, সাধারণ ক্রেতাদের অধিকাংশ মাছ কিনতেই কেজিপ্রতি হাজার টাকার বেশি খরচ করতে হচ্ছে।

শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, এক সময় স্বল্প আয়ের মানুষের মাছ হিসেবে পরিচিত পাঙাশের দামও ২০০ টাকার গণ্ডি ছাড়িয়েছে। বর্তমানে জীবিত পাঙাশ প্রতি কেজি বিক্রি হচ্ছে ২৩০ টাকায় এবং তেলাপিয়া বিক্রি হচ্ছে ২৬০ টাকায়। এছাড়া রুই, কাতলা, মৃগেল, পোয়া ও অন্যান্য চাষের মাছের দামও কেজিতে ২০ থেকে ৩০ টাকা বেড়েছে। বাজারে মানভেদে চিংড়ি ৮০০ থেকে ৯০০ টাকা, পাবদা ৩৫০ থেকে ৪০০ টাকা, রুই ৩০০ থেকে ৪৫০ টাকা, টেংরা ৭০০ টাকা, ভেটকি ৪০০ থেকে ৫৫০ টাকা, মৃগেল ২৫০ থেকে ৩০০ টাকা, বাইম ৬০০ থেকে ৮০০ টাকা, দেশি কই ৭০০ থেকে ৮০০ টাকা, চাষের কই ৩০০ টাকা, পোয়া ২৬০ টাকা এবং শোল মাছ ৭০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। চাষের শিং মাছের দাম আকারভেদে ৩০০ থেকে ৪৫০ টাকার মধ্যে রয়েছে। তবে রূপচাঁদা, বড় শোল ও নদীর বেলে মাছের দাম কেজিতে হাজার টাকা ছাড়িয়েছে।

মোহাম্মদপুর টাউন হল বাজারের মাছ বিক্রেতা আনোয়ার হোসেন জানান, সামুদ্রিক মাছের সরবরাহ থাকলেও দাম অনেক বেশি। তার তথ্য অনুযায়ী, আকার ও মানভেদে ইলিশ ১ হাজার ৬০০ থেকে ৩ হাজার ২০০ টাকা, সাদা রূপচাঁদা ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৩০০ টাকা, লাল কোরাল ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকা, সামুদ্রিক সুরমা ৭০০ টাকা এবং টুনা মাছ ৮৫০ থেকে ১ হাজার টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বাজার ও মাছের আকারভেদে এসব দামে কিছুটা তারতম্য হতে পারে বলেও তিনি জানান।

মাছের পাশাপাশি ডিমের বাজারেও দাম বেড়েছে। সপ্তাহের ব্যবধানে প্রতি ডজনে ১০ থেকে ১৫ টাকা বেড়ে ফার্মের মুরগির ডিম ১৪৫ থেকে ১৫৫ টাকায় বিক্রি হচ্ছে। মাংসের বাজারে গরুর মাংসের দাম অপরিবর্তিত থেকে ৭৫০ থেকে ৮০০ টাকায় বিক্রি হচ্ছে, আর খাসির মাংসের দাম কেজিপ্রতি ১ হাজার ১০০ থেকে ১ হাজার ২০০ টাকা। মুরগির বাজারে ব্রয়লার ১৯০ টাকা এবং সোনালি মুরগি ৩৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা বলছেন, গত সপ্তাহের তুলনায় মুরগির দামে বড় কোনো পরিবর্তন হয়নি, তবে প্রতিদিনই কেজিতে ৫ থেকে ১০ টাকা পর্যন্ত ওঠানামা করছে।

বাজারে আসা ক্রেতা রুবেল আহমেদ বলেন, মাছের দাম এখন সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। প্রায় সব ধরনের মাছের দামই বেড়েছে, যা আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের জন্য বাজার করা দিন দিন কঠিন করে তুলছে।