ধানমন্ডিতে তরুণীকে শ্লীলতাহানির ঘটনায় অভিযুক্তের এক মাসের কারাদণ্ড

রাজধানীর ধানমন্ডি সাতমসজিদ রোডে অবস্থিত বেসরকারি বাংলাদেশ আই হসপিটালের উল্টো দিকে এক তরুণীকে (২৩) শ্লীলতাহানি করার অভিযোগে শহীদ আবদুল্লাহ আল মাসুদ রানা (৪৮) নামের এক ব্যক্তিকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। ঢাকা মহানগর পুলিশের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট মো. ইমরান আহমেদ অভিযুক্তের স্বীকারোক্তির ভিত্তিতে এই সাজা প্রদান করেন। বর্তমানে তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।

ঘটনাটি গত সোমবার দুপুরের। সামাজিক যোগাযোগমাধ্যমে ২ মিনিট ১২ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায় এক যুবক ওই ব্যক্তিকে মারধর করছেন এবং কান ধরে ওঠবস করাচ্ছেন। ভিডিওতে পথচারীদের ‘মেয়ের গায়ে হাত দিয়েছে’ এবং ‘ক্যানটিনে এই ঘটনা ঘটে’—এমন মন্তব্য করতে শোনা যায়। একপর্যায়ে মারধরকারী যুবক ওই ব্যক্তিকে বলেন, ‘কিসের সরি, সরি বললেই সব শেষ হয়ে যায়?’ এবং তাকে আবারও থাপ্পড় মারেন। সম্রাট শাহাদত নামের একটি ফেসবুক প্রোফাইল থেকে প্রকাশিত ভিডিওটি ৪৬ লাখ বার দেখা হয়েছে এবং ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।

ভুক্তভোগী তরুণী মঙ্গলবার জানান, অভিযুক্ত ব্যক্তি তাকে ‘ব্যাড টাচ’ করেছিলেন। ঘটনার পরপরই তিনি ওই ব্যক্তিকে ধরে সেখানে উপস্থিত দুই পুলিশ সদস্যের কাছে নিয়ে যান। কিন্তু পুলিশ সদস্যরা তাকে নিতে অনাগ্রহ দেখিয়ে ভুক্তভোগীকে ধানমন্ডি থানায় গিয়ে মামলা করার পরামর্শ দেন। এরপর তরুণী তার মামাকে ফোন করলে তিনি ঘটনাস্থলে এসে ক্ষুব্ধ হয়ে অভিযুক্তকে মারধর করেন।

ঘটনাস্থলে উপস্থিত পুলিশ সদস্যদের নীরবতা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনা চলছে। এ বিষয়ে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব জানান, উত্তেজিত জনতার মারমুখী আচরণের কারণে পুলিশ সদস্যরা শহীদ আবদুল্লাহকে রক্ষা করতে এগিয়ে যেতে সাহস পাননি। তিনি আরও জানান, ৯৯৯-এ কলের মাধ্যমে খবর পেয়ে এএসআই মামুন ভূঁইয়া ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসেন।

পুলিশ কর্মকর্তা ইমদাদুল ইসলাম আরও জানান, অভিযুক্ত শহীদ আবদুল্লাহ মোহাম্মদপুর এলাকায় থাকেন। পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, তিনি মানসিকভাবে অসুস্থ। এমবিবিএস পড়ার সময় তিনি মানসিক রোগে আক্রান্ত হন এবং তার স্ত্রী অনেক আগেই তাকে ছেড়ে চলে গেছেন। ওসি জানান, শহীদ আবদুল্লাহকে মারধর করে যুবকটি আইনের দৃষ্টিতে অপরাধ করেছেন, তাই তাকে খুঁজছে পুলিশ। এছাড়া ঘটনাস্থলে থাকা দুই পুলিশ সদস্যের বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা সিদ্ধান্ত নেবেন।