কমলনগরে কিল-ঘুষিতে বৃদ্ধের মৃত্যু, থানায় মামলার প্রস্তুতি

লক্ষ্মীপুরের কমলনগরে মো. মাহফুজ নামে এক যুবকের কিল-ঘুষিতে ফজলে আলী হাজারী (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার রাতে উপজেলার চর কাদিরা ইউনিয়নের বটতলী বাজারে ইদ্রিস মেম্বারের দোকানের সামনে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে। অভিযুক্ত মাহফুজ একই এলাকার আবু তাহেরের ছেলে এবং নিহত ফজলে আলী হাজারীও একই এলাকার বাসিন্দা।

নিহতের শ্যালক আইয়ুব আলী অভিযোগ করে জানান, প্রায় এক বছর আগে তার ভাতিজা দেলোয়ারের সঙ্গে একই এলাকার জামাল হোসেনের মেয়ের প্রেমের সম্পর্কের জেরে বিয়ে হয়েছিল, যা পরবর্তীতে বিবাহবিচ্ছেদে গড়ায়। সম্প্রতি মেয়ে পক্ষ থেকে অভিযোগ তোলা হয় যে, ছেলে পক্ষ তাদের মেয়ের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করছে। এই বিষয়কে কেন্দ্র করে তার বোনজামাই ফজলে আলী হাজারী বটতলী বাজারে গেলে নাজিম হাওলাদার ও ফারুক মাঝির ইন্ধনে তার ওপর হামলা চালানো হয়। এতে অভিযুক্তদের এলোপাতাড়ি কিল-ঘুষিতে তিনি গুরুতর আহত হন।

আইয়ুব আলী আরও জানান, গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। পরিবারের পক্ষ থেকে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।

চর ফলকন ইউনিয়নের সদস্য নাজিম উদ্দীন হাওলাদার বলেন, ভাতিজির অন্যত্র বিয়ে হওয়া সত্ত্বেও দেলোয়ার তার অন্তরঙ্গ ছবি সামাজিক মাধ্যমে প্রচার করছিল। বিষয়টি নিয়ে উভয় পক্ষের মধ্যে সমঝোতার চেষ্টা চলছিল। কথা কাটাকাটির একপর্যায়ে মাহফুজ বৃদ্ধকে ঘুষি মারেন এবং পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এ বিষয়ে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল আলম জানান, নিহত বৃদ্ধের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ ও মামলার প্রস্তুতি চলছে।