স্থানীয় সরকার নির্বাচন পদ্ধতিকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং সুশৃঙ্খল করে তোলার লক্ষ্যে সংশ্লিষ্ট আইনে বেশ কিছু সংশোধনী প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। রাজধানীর আগারগাঁওয়ে মঙ্গলবার অনুষ্ঠিত কমিশনের ১২তম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় অন্যান্য নির্বাচন কমিশনার ও ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভা শেষে ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ সাংবাদিকদের জানান, নতুন প্রস্তাবিত সংশোধনী অনুযায়ী এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিকত্বধারী ব্যক্তি, ঋণখেলাপি এবং ঋণের জামিনদাররা স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। এছাড়া লাভজনক পদে থাকা ব্যক্তিদেরও নির্বাচনে অংশগ্রহণের সুযোগ না দেওয়ার বিধান যুক্ত করার প্রস্তাব করা হয়েছে।
ঋণখেলাপিদের বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দিয়ে আখতার আহমেদ বলেন, শুধু ঋণগ্রহীতা নয়, ব্যক্তিগতভাবে জামিনদার হওয়া ব্যক্তিদেরও ঋণখেলাপি হিসেবে গণ্য করে তাদের প্রার্থিতার অযোগ্য করার বিষয়টি প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি সরকারি বিভিন্ন সেবা প্রতিষ্ঠানের বিলখেলাপিদের নিয়েও নতুন বিধান আনার পরিকল্পনা রয়েছে। যদি কোনো ব্যক্তি নিজে বা তার মালিকানাধীন কোনো প্রতিষ্ঠান বিদ্যুৎ, ভূমি কর বা ওয়াসার মতো সেবা প্রতিষ্ঠানের বিল পরিশোধে ব্যর্থ হয়, তবে সেটিও তার প্রার্থিতার অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
দ্বৈত নাগরিকদের বিষয়ে কমিশন নীতিগতভাবে একমত হয়েছে যে, তাদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ থাকা উচিত নয়। নির্বাচন কমিশন এই আইন সংশোধনের প্রস্তাবগুলো এখন স্থানীয় সরকার বিভাগে পাঠাবে। এরপর সংশ্লিষ্ট বিভাগ প্রস্তাবগুলো পর্যালোচনা করে পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।
মঙ্গলবার (২১ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের ১২তম সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।

