খুলনায় নিহত কাউন্সিলর টিপুর বাড়িতে ডিবির অভিযান, গুলিসহ ভাই আটক

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি) খুলনা সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর গোলাম রব্বানী টিপুর বাসায় একটি বিশেষ অভিযান পরিচালনা করেছে। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে নগরীর দৌলতপুর থানার দেয়ানা উত্তর পাড়ায় অবস্থিত ওই বাসায় এই অভিযান চালানো হয়। অভিযানের সময় বিপুল পরিমাণ গুলিসহ টিপুর বড় ভাই গোলাম রসুলকে আটক করেছে পুলিশ।

কেএমপির উপপুলিশ কমিশনার (ডিবি) মোহাম্মদ আহাদুজ্জামান মিয়া জানান, সুনির্দিষ্ট গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে তল্লাশি চালানো হয়। অভিযানে ১৪১ পিস টু-টু বোরের গুলি এবং ১৩ পিস শর্টগানের গুলি জব্দ করা হয়েছে। অবৈধভাবে অস্ত্র ও গুলি রাখার অভিযোগে গোলাম রসুলকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

নিহত গোলাম রব্বানী টিপু নগরীর দৌলতপুর এলাকার মো. গোলাম আকবরের ছেলে ছিলেন। তিনি সবশেষ সিটি করপোরেশন নির্বাচনে ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়েছিলেন। পরবর্তীতে ২০২৪ সালের ২৬ সেপ্টেম্বর স্থানীয় সরকার মন্ত্রণালয় তাকে পদ থেকে অপসারণ করে। উল্লেখ্য যে, গত ২০২৫ সালের ৯ জানুয়ারি রাতে কক্সবাজারের পাঁচ তারকা হোটেল সীগালের সামনে দুর্বৃত্তদের গুলিতে ৪৬ বছর বয়সী গোলাম রব্বানী টিপু নিহত হন।