জাতিসংঘ সাধারণ পরিষদের নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নিলেন খলিলুর রহমান

জাতিসংঘের সাধারণ পরিষদের নতুন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। নিউইয়র্কের স্থানীয় সময় মঙ্গলবার দুপুরে শপথ গ্রহণের মাধ্যমে তিনি জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্বভার গ্রহণ করেন। এর মধ্য দিয়ে চার দশক পর বাংলাদেশের কোনো প্রতিনিধি এই গুরুত্বপূর্ণ বৈশ্বিক পদে আসীন হলেন। এর আগে ১৯৮৬ সালে বাংলাদেশের সাবেক পররাষ্ট্রসচিব ও রাজনীতিবিদ হুমায়ুন রশিদ চৌধুরী জাতিসংঘের সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করেছিলেন।

দায়িত্ব গ্রহণের পর জাতিসংঘের সদর দপ্তরে আয়োজিত এক ব্রিফিংয়ে খলিলুর রহমান জানান, বিশ্বের প্রতিটি সমস্যার দ্রুত ও বন্ধুত্বপূর্ণ সমাধান হয়তো সম্ভব হবে না। তিনি বলেন, কিছু বিষয় সমাধান ছাড়াই থেকে যেতে পারে এবং কিছু সমস্যার সমাধানে সময়ের প্রয়োজন হবে। তবে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন যে, সমস্যা সমাধানের চেষ্টায় কোনো ঘাটতি থাকবে না এবং সব ক্ষেত্রে সহাবস্থানের চেষ্টা অব্যাহত থাকবে।

খলিলুর রহমান জানান, তার মেয়াদে চ্যালেঞ্জ মোকাবিলা এবং সুযোগ কাজে লাগাতে সদস্যদেশগুলোর মধ্যে সংলাপ ও সহযোগিতাকে তিনি সর্বোচ্চ গুরুত্ব দেবেন। তিনি বিশ্বাস করেন, সদস্যরাষ্ট্রগুলো সম্মিলিতভাবে কাজ করলে তার দায়িত্ব পালন সহজতর হবে। পাশাপাশি জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের প্রস্তাবিত সংস্থার সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়ার ওপর তিনি গুরুত্বারোপ করেন। এছাড়া নাগরিক সমাজ, ব্যবসায়িক গোষ্ঠী ও শিক্ষাবিদদের জাতিসংঘের কাজের সঙ্গে সম্পৃক্ত করার পরিকল্পনা রয়েছে তাঁর।

রোহিঙ্গা সংকট নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশ সরকারের প্রতিনিধি হিসেবে তিনি রোহিঙ্গা পরিস্থিতি ও তাদের বাড়ি ফেরার তাড়না সরাসরি প্রত্যক্ষ করেছেন। উল্লেখ্য, গত ২ জুন অনুষ্ঠিত নির্বাচনে ৯৯ ভোট পেয়ে সাইপ্রাসের পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ দূত আন্দ্রেয়াস এস কাকোরিসকে পরাজিত করে খলিলুর রহমান সভাপতি নির্বাচিত হয়েছিলেন।