জুলাই জাতীয় সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে, ঠিক সেভাবেই তা বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ সংসদীয় কমিটির সভাপতি সালাহউদ্দিন আহমদ। রোববার বিকেলে জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে কমিটির দ্বিতীয় বৈঠক শেষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। তিনি বলেন, সনদ স্বাক্ষরকারী রাজনৈতিক দলগুলোর প্রস্তাব ও তাদের নোট অব ডিসেন্টগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে এবং যত দ্রুত সম্ভব সংবিধান সংশোধনী বিল সংসদে উপস্থাপনের উদ্যোগ নেওয়া হবে।
সালাহউদ্দিন আহমদ জানান, সনদে স্বাক্ষরকারী ২৬টি রাজনৈতিক দল ও জোটকে আমন্ত্রণ জানানো হলেও ১৫টি দল সরাসরি বৈঠকে অংশ নিয়েছে। এছাড়া একটি দল লিখিত বক্তব্য জমা দিয়েছে এবং অন্য একটি দলের প্রতিনিধি অসুস্থতার কারণে আসতে পারেননি। সব মিলিয়ে ১৭টি রাজনৈতিক দলের অংশগ্রহণে এই আলোচনা প্রক্রিয়া চলছে। তিনি আরও বলেন, সনদের বাইরে জাতীয় জীবনের জন্য গুরুত্বপূর্ণ কোনো পরিপূরক প্রস্তাব এলে তাও কমিটি বিবেচনা করবে, তবে পুরনো সংস্কার কমিশনের প্রস্তাবগুলো নতুন করে আনলে প্রক্রিয়াটি জটিল হতে পারে।
কমিটির কার্যক্রম সম্পর্কে তিনি জানান, বিশেষ কমিটির কাজ দ্রুত এগিয়ে নিতে প্রতি সপ্তাহে অন্তত একটি বৈঠক করার পরিকল্পনা রয়েছে। ডিসেম্বরের মধ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শেষ করে সংসদে প্রতিবেদন উপস্থাপনের লক্ষ্য নিয়ে তারা এগোচ্ছেন। সংবিধান, নির্বাচনব্যবস্থা, বিচারব্যবস্থা, জনপ্রশাসন, পুলিশ ও দুর্নীতি দমনসহ বিভিন্ন ক্ষেত্রে কাঠামোগত পরিবর্তনের বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ঐকমত্য হয়েছে, তা সনদে প্রতিফলিত হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
উচ্চকক্ষ গঠনের পদ্ধতি নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের ভিন্নমতের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পদ্ধতিগত এই মতভেদগুলো আলোচনার মাধ্যমে বিবেচনা করা হবে। তিনি স্পষ্ট করেন যে, বিএনপি সংখ্যাগরিষ্ঠতার কারণে সনদ বাস্তবায়ন করতে চায় না বলে যে প্রচারণা চলছে, তা সম্পূর্ণ অসত্য। তিনি জোর দিয়ে বলেন, সরকার জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে বদ্ধপরিকর এবং যেভাবে স্বাক্ষরিত হয়েছে, সেভাবেই সংবিধান সংশোধনী বিল নিয়ে আসার চেষ্টা করা হবে। এছাড়া, যারা এই সনদে স্বাক্ষর করেননি, এমন রাজনৈতিক দলগুলোও আলোচনায় অংশ নিতে চাইলে তাদের জন্য সুযোগ উন্মুক্ত রয়েছে এবং যে কোনো দল লিখিত প্রস্তাব দিলে তাও কমিটি বিবেচনা করবে।
রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
উচ্চকক্ষ গঠনের উদাহরণ দিয়ে তিনি বলেন, ১০০ সদস্যের উচ্চকক্ষ গঠনের পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ভিন্নমত রয়েছে। কেউ জাতীয় সংসদ নির্বাচনে পাওয়া আসনের অনুপাতে, আবার কেউ মোট ভোটের আনুপাতিক হারে উচ্চকক্ষ গঠনের প্রস্তাব দিয়েছে। এসব বিষয়ও আলোচনার মাধ্যমে বিবেচনা করা হবে বলে জানান তিনি।

