ঝিনাইদহ জেলা প্রশাসনের উদ্যোগে শহরের কেপিবসু সড়কের ট বাজারে বুধবার বিকেলে নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী নিষিদ্ধ ঘোষিত পলিথিন মজুদ ও বিক্রির দায়ে এই অভিযান চালানো হয়।
অভিযানের নেতৃত্ব দেন ঝিনাইদহ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজনীন সুলতানা। অভিযানে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন অমান্য করায় দোষী সাব্যস্ত হওয়া দুই ব্যবসায়ীকে মোট ২ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ঘটনাস্থল থেকে প্রায় ৩২ কেজি অবৈধ পলিথিনের শপিং ব্যাগ জব্দ করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন ঝিনাইদহ জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মুন্তাছির রহমান। অভিযানে সড়ক ও জনপথ বিভাগের সহকারী প্রকৌশলী আহসানুল কবির এবং ঝিনাইদহ জেলা পুলিশের একটি চৌকস দল সার্বিক সহযোগিতা প্রদান করেন।

