১ এপ্রিল থেকে জাপানে শুরু হচ্ছে বাংলাদেশি কর্মী নিয়োগ

বাংলাদেশ থেকে আগামী ১ এপ্রিল ২০২৭ থেকে কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে জাপান। দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচনের অংশ হিসেবে কর্মসংস্থান দক্ষতা উন্নয়নবিষয়ক একটি সমঝোতা স্মারক বা ইএসডিপি-এমওসি (মেমোরেন্ডাম অব কো-অপারেশন অন এমপ্লয়মেন্ট স্কিলস ডেভেলপমেন্ট) স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির প্রাথমিক মেয়াদ পাঁচ বছর নির্ধারণ করা হয়েছে, যা মেয়াদ শেষে স্বয়ংক্রিয়ভাবে আরও পাঁচ বছর বৃদ্ধি পাবে। ফলে চুক্তির মোট মেয়াদ দাঁড়াবে ১০ বছর।

গত ১৭ অক্টোবর, শনিবার এই চুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশের পক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এবং জাপানের পক্ষে দেশটির বিচার মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বাস্থ্য, শ্রম ও কল্যাণ মন্ত্রণালয় এবং ন্যাশনাল পুলিশ এজেন্সির প্রতিনিধিরা চুক্তিতে স্বাক্ষর করেন। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে, দীর্ঘ প্রায় এক বছরের প্রচেষ্টার পর এই চুক্তি স্বাক্ষরের বিষয়টি চূড়ান্ত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন জাপান সফরের সময় এই চুক্তির কপি আনুষ্ঠানিকভাবে দুই পক্ষের মধ্যে হস্তান্তর করার কথা রয়েছে।

চুক্তির সুবিধাগুলো তুলে ধরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, এর মাধ্যমে কর্মীদের সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি কর্মী পাঠানো ও গ্রহণের ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা আরও জোরদার হবে। তিনি আরও জানান, এই প্রক্রিয়ায় জাপানে কর্মসংস্থানের মাধ্যমে বাংলাদেশি নাগরিকদের পেশাগত দক্ষতা বাড়বে এবং তারা উচ্চ বেতনসহ দীর্ঘমেয়াদে জাপানে বসবাসের সুযোগ পাবেন।

চুক্তি অনুযায়ী, বাংলাদেশি কর্মীরা জাপানের স্থানীয় শ্রমিকদের সমতুল্য আইনি সুরক্ষা পাবেন। কর্মক্ষেত্রে নারী-পুরুষের সমান সুযোগ নিশ্চিত করার পাশাপাশি নারী কর্মীদের অধিকারের বিষয়টিও বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। মন্ত্রী আরিফুল হক চৌধুরী জানান, গর্ভাবস্থা বা সন্তান জন্মদানের কারণে কোনো নারী বিদেশি কর্মীকে চাকরিচ্যুত করা বা বৈষম্যমূলক আচরণ করা যাবে না। এমনকি গর্ভধারণ বা সন্তান প্রসবের কারণে তাদের জোর করে দেশে ফেরত পাঠানোর বাধ্যবাধকতাও চুক্তিতে রাখা হয়নি।