বাংলাদেশে ৭৭ হাজার কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা জাপানের

বাংলাদেশের বেসরকারি খাতে আগামী পাঁচ বছরে এক ট্রিলিয়ন জাপানি ইয়েন বা প্রায় ৬ দশমিক ৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগের একটি বড় পরিকল্পনা হাতে নিয়েছে জাপান। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৭৭ হাজার ৪৭০ কোটি টাকা। বার্তা সংস্থা রয়টার্স জাপানি সংবাদমাধ্যম নিক্কেই এশিয়ার একটি প্রতিবেদনের বরাতে এই তথ্য নিশ্চিত করেছে। প্রতিবেদন অনুযায়ী, এই বিনিয়োগ প্রস্তাবের বিষয়ে জাপান সরকার ইতিবাচক রয়েছে।

বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করা এবং দেশটিকে এশিয়ায় একটি অন্যতম প্রধান বিনিয়োগকেন্দ্র হিসেবে গড়ে তোলাই এই পরিকল্পনার মূল লক্ষ্য। একই সঙ্গে আঞ্চলিক অর্থনৈতিক প্রভাবের ভারসাম্য রক্ষায় বাংলাদেশের কৌশলগত গুরুত্ব বৃদ্ধির বিষয়টিকেও জাপান বিশেষ গুরুত্ব দিচ্ছে। প্রস্তাবিত এই বিশাল বিনিয়োগ মূলত অটোমোবাইল ও অন্যান্য উৎপাদনশিল্প, বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামো এবং বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোনের বিভিন্ন বাণিজ্যিক উদ্যোগে ব্যবহারের সম্ভাবনা রয়েছে। সুমিতোমো করপোরেশনসহ জাপানের একাধিক বড় প্রতিষ্ঠান এই বিনিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আগামী ২৬ অক্টোবর চার দিনের সরকারি সফরে জাপানের উদ্দেশে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরের দ্বিতীয় দিন ২৭ অক্টোবর টোকিওতে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির কার্যালয়ে দুই নেতার দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠক শেষে আয়োজিত নৈশভোজেও বাংলাদেশের প্রধানমন্ত্রী অংশ নেবেন। এই শীর্ষ বৈঠকের পর যৌথ বিবৃতিতে বিনিয়োগের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম জানিয়েছেন, এই সফরে বাংলাদেশের পণ্যের জন্য জাপানি বাজারে প্রবেশাধিকার বাড়ানো এবং দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক জোরদার করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বৃদ্ধির ভিত্তি সম্প্রতি আরও মজবুত হয়েছে। গত ফেব্রুয়ারিতে দুই দেশ অর্থনৈতিক অংশীদারি চুক্তি (ইপিএ) সই করেছে। এছাড়া বর্তমান সফরে কৃষি, মৎস্যসম্পদ, মানবসম্পদ উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি ও বেসামরিক বিমান পরিবহনসহ প্রায় আটটি সমঝোতা স্মারক নিয়ে আলোচনা চলছে, যার মধ্যে তিন থেকে চারটি সই হতে পারে। পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানি, পরিবেশ, বিজ্ঞান, প্রযুক্তি ও ডিজিটাল উদ্ভাবনের মতো খাতেও সহযোগিতা বাড়ানোর সম্ভাবনা রয়েছে।

জাপান দীর্ঘদিন ধরে বাংলাদেশের অন্যতম প্রধান উন্নয়ন অংশীদার হিসেবে কাজ করছে। ঢাকার মেট্রোরেল, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এবং মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরের মতো মেগা প্রকল্পগুলোতে জাপানের অর্থায়ন ও কারিগরি সহায়তা রয়েছে। তবে বিশ্লেষকদের মতে, বিনিয়োগের প্রকৃত পরিমাণ, খাতভিত্তিক বরাদ্দ এবং বাস্তবায়নের সুনির্দিষ্ট শর্তাবলি চূড়ান্ত ঘোষণা না আসা পর্যন্ত বিষয়গুলো পরিকল্পনার পর্যায়েই থাকছে।