বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত দীর্ঘদিনের নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য অন্তর্বর্তী সরকারের নবনিযুক্ত বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের কাছে আনুষ্ঠানিকভাবে আবেদন জানিয়েছে কলকাতার ‘ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন’। সম্প্রতি পাঠানো এক চিঠিতে সংগঠনটি এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য বিশেষ অনুরোধ জানায়।
চিঠিতে ভারতীয় ব্যবসায়ীরা উল্লেখ করেন, ১৯৯৬ সাল থেকে তারা বেনাপোল স্থলবন্দর (পশ্চিমবঙ্গ) ও আখাউড়া স্থলবন্দর (ত্রিপুরা) ব্যবহার করে বাংলাদেশ থেকে নিয়মিত ইলিশ আমদানি করে আসছিলেন। তবে ২০১২ সালের জুলাই মাসে বাংলাদেশ সরকার ইলিশ রপ্তানি নিষিদ্ধ করলে তাদের এই ব্যবসা পুরোপুরি বন্ধ হয়ে যায়। এরপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য বিভিন্ন সময়ে আবেদন করা হলেও এখন পর্যন্ত কোনো স্থায়ী সমাধান মেলেনি।
ব্যবসায়ীরা আরও জানান, ২০১৯ সালের সেপ্টেম্বর থেকে প্রতিবছর দুর্গাপূজা উপলক্ষে বিশেষ অনুমতির মাধ্যমে সীমিত পরিসরে ভারতে ইলিশ রপ্তানির সুযোগ দেওয়া হচ্ছে। তবে উৎসবকেন্দ্রিক এই সীমিত রপ্তানি তাদের চাহিদার তুলনায় অত্যন্ত অপ্রতুল।
দুই বাংলার মানুষের মধ্যে ভাষা, সংস্কৃতি ও খাদ্যাভ্যাসের ঐতিহাসিক সম্পর্কের কথা উল্লেখ করে চিঠিতে বলা হয়, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা ও আসামের মানুষের কাছে বাংলাদেশের পদ্মার ইলিশ অত্যন্ত প্রিয়। এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলে ভারতের, বিশেষ করে পশ্চিমবঙ্গের মানুষ বিশেষভাবে উপকৃত হবেন, যা দুই দেশের সাধারণ জনগণের পারস্পরিক সম্পর্ককে আরও সুদৃঢ় করবে।
কলকাতার ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু মকসুদ এ বিষয়ে বলেন, কলকাতার মানুষের কাছে বাংলাদেশের ইলিশের ব্যাপক চাহিদা রয়েছে। কিন্তু রপ্তানিতে নিষেধাজ্ঞা থাকায় তারা এটি নিয়মিত পাচ্ছেন না। তাই দীর্ঘদিনের এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য বাংলাদেশ সরকারের কাছে আবেদন জানানো হয়েছে এবং তারা আশা করছেন সরকার বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করবে।

