ঢাকায় বেপরোয়া অবৈধ অটোরিকশা, নেপথ্যে প্রভাবশালীদের বড় বিনিয়োগ

ঢাকা, ১০ সেপ্টেম্বর ২০২৬ (10 September 2026), ০৭:১৬ পিএম (07:16 PM): রাজধানী ঢাকা জুড়ে এখন অবৈধ ব্যাটারিচালিত অটোরিকশার দাপট। প্রধান সড়ক থেকে শুরু করে অলিগলি—সবখানেই চলছে এই তিন চাকার বৈদ্যুতিক যান। কোনো নিয়ম-নীতির তোয়াক্কা না করে ‘যেমন খুশি তেমন চল’ স্টাইলে চলায় সড়কের শৃঙ্খলা যেমন নষ্ট হচ্ছে, তেমনই বাড়ছে যানজট ও ভয়াবহ দুর্ঘটনা। এসব দুর্ঘটনায় অনেকের প্রাণহানি ঘটছে, আবার অনেকেই চিরতরে পঙ্গুত্ব বরণ করছেন। তবে রাস্তায় চলাচলকারী এসব অটোরিকশার চালকদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা নিলেও ধরাছোঁয়ার বাইরেই থেকে যাচ্ছেন মূল পৃষ্ঠপোষক ও বিনিয়োগকারীরা। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ চালকরা।

অভিযোগ উঠেছে, অটোরিকশা বন্ধ করতে হলে শুধু প্রান্তিক চালকদের আইনের আওতায় আনা বা জরিমানা করাই যথেষ্ট নয়। চালকদের দাবি, এই ব্যবসা টিকিয়ে রাখা উৎপাদনকারী প্রতিষ্ঠান, গ্যারেজ মালিক ও বড় বিনিয়োগকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন। শুধু চালকদের ওপর মামলা দেওয়াকে তারা অমানবিক হিসেবে দেখছেন। খোঁজ নিয়ে জানা গেছে, এই অটোরিকশাগুলোর চালকরা মূলত দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আসা দরিদ্র মানুষ। কোনো পুঁজি ছাড়াই কর্মসংস্থান পেয়ে তারা জীবনের ঝুঁকি নিয়ে রাস্তায় নামছেন। তাদের কোনো ড্রাইভিং লাইসেন্স নেই, নেই কোনো প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ। এমনকি গাড়িগুলোরও কোনো আইনি নিবন্ধন নেই।

এই বিপুল পরিমাণ অটোরিকশার পেছনের বিনিয়োগ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ড. তৌহিদুল হক জানান, প্রান্তিক চালকদের নিজেদের কোনো বড় পুঁজি নেই। মূলত বিত্তশালী ও প্রভাবশালী একটি শ্রেণী এখানে বড় অঙ্কের বিনিয়োগ করেছে। অতীতে যেভাবে সিএনজি অটোরিকশা চালুর ক্ষেত্রে প্রভাবশালীরা একাধিক গাড়ি কিনে ভাড়া দিত, এখন ঠিক একইভাবে তারা অটোরিকশা কিনে ভাড়া দিচ্ছে। অনেকে গড়ে তুলেছে অবৈধ কারখানা। তিনি মনে করেন, এসব প্রভাবশালী পৃষ্ঠপোষকদের আশকারা পেয়েই রাস্তায় চালকরা বেপরোয়া হয়ে ওঠার সাহস পায়, যা ট্রাফিক ব্যবস্থার ওপর চরম চাপ তৈরি করছে। ড. তৌহিদুল হক আরও বলেন, নিম্নআয়ের মানুষের কর্মসংস্থানের প্রতি সবার সমর্থন রয়েছে, কিন্তু কর্মসংস্থান সৃষ্টির নামে সড়কের নিরাপত্তা ও শৃঙ্খলাকে বলি দেওয়া যাবে না। প্রয়োজনে মূল বিনিয়োগকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।

এদিকে গ্যারেজ মালিকদের কথাতেও উঠে এসেছে বিত্তশালীদের বিনিয়োগের চিত্র। মানিকনগর এলাকার গ্যারেজ মালিক মেহেদি জানান, আগে রিকশার ব্যবসা গ্যারেজ মালিকদের নিয়ন্ত্রণে থাকলেও এখন অল্প পুঁজিতে বেশি লাভের আশায় বিভিন্ন পেশার মানুষ অটোরিকশায় বিনিয়োগ করছেন। আরেক গ্যারেজ মালিক আব্দুল্লাহর মতে, রিকশার ব্যবসা এখন আর সাধারণ গ্যারেজ মালিকদের হাতে নেই; এটি চলে গেছে উচ্চবিত্তদের দখলে। ঢাকা শহরের অধিকাংশ বাড়ির মালিকদের এখন এক বা একাধিক অটোরিকশা রয়েছে। এমনকি সরকারি কর্মকর্তা ও পুলিশ সদস্যদেরও এই ব্যবসায় বড় ধরনের বিনিয়োগ রয়েছে বলে জানা গেছে।